এবার কাট মিস করলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময় ভালো যাচ্ছে না সিদ্দিকুরের। ফাইল ছবি
সময় ভালো যাচ্ছে না সিদ্দিকুরের। ফাইল ছবি

হঠাৎ যেন দুঃ সময় ঘিরে ধরেছে সিদ্দিকুর রহমানকে। সিঙ্গাপুরের ওয়ার্ল্ড ক্লাসিকের ব্যর্থতা ঘুচিয়ে সাফল্যের আলোয় ফেরার আশায় গেলেন ফিলিপাইনে। কিন্তু ওয়ার্ল্ড ম্যানিলা মাস্টার্সের প্রথম দিনের মতো বাজে পারফরম্যান্স হলো দ্বিতীয় দিনেও। শেষ পর্যন্ত কাট মিস করে আজ টুর্নামেন্ট থেকেই বাদ পড়ে গেলেন বাংলাদেশের সেরা গলফার।

পুরো বছরটিই হতাশার মধ্য দিয়ে পার করতে হচ্ছে সিদ্দিকুরকে। এ বছর এখনো কোনো টুর্নামেন্টে শিরোপা জিততে পারেননি। সিঙ্গাপুরে ওয়ার্ল্ড ক্লাসিকের তিন রাউন্ডে আশা জাগিয়েছিলেন তৃতীয় পেশাদার শিরোপা জয়ের। কিন্তু শেষ রাউন্ডে এতটাই বাজে খেলেছিলেন যে শিরোপা লড়াই থেকে যোজন যোজন পিছিয়ে হলেন ৩০তম। পরের টুর্নামেন্ট ম্যানিলা মাস্টার্সকে নিশ্চয়ই ওই দিনটিকে ভুলে যাওয়ার উপলক্ষ্য হিসেবে নিয়েছিলেন। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বাজে পারফরম্যান্সের সেই রেশ এখনো কাটিয়ে উঠতে পারেননি সিদ্দিকুর। গতকাল পারের চেয়ে ২ শট বেশি খেলে ছিলেন ৮৪তম স্থানে। আজও ঘুরে দাঁড়াতে পারেননি। আজও পারের চেয়ে ১ শট বেশি খেলেছেন। সব মিলিয়ে পারের চেয়ে ৩ শট বেশি খেলে ৯ জনের সঙ্গে ৮৫ তম স্থানে থেকে কাট মিস করলেন। পারের চেয়ে ১০ শট কম খেলে লিডারবোর্ডে সবার ওপরে চাইনিজ তাইপের দুই গলফার—হুয়াং চিয়েন ইয়াও এবং লি চিয়ে পো।