এবার কানাডায় খেলা ফুটবলার বাংলাদেশ দলে

জাতীয় দলে ডাক পাচ্ছেন কানাডার সেমি প্রফেশনাল লিগ খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবরের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য কিরগিজস্তানে ৩ জাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। কিরগিজস্তানের উদ্দেশে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ২৮ অথবা ২৯ আগস্ট। টুর্নামেন্টের জন্য এখনো দল ঘোষণা করেনি বাফুফে। তবে বিশ্বস্ত সূত্রে বলছে বাংলাদেশ দলে নতুন কয়েকজন ফুটবলার ঢুকতে যাচ্ছেন। এদের মধ্যে একজন রাহবার ওয়াহেদ খান। বর্তমানে তিনি কানাডার সেমি প্রফেশনাল ওয়ান লিগে নর্থ টরন্টো নিট্রোস ক্লাবের হয়ে খেলছেন।

জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন কানাডার সেমি প্রফেশনাল লিগ খেলা রাহবার ওয়াহেদ খান

ঢাকায় বেড়ে ওঠা ওয়াহেদ মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন। তিনি পড়াশোনা করেছেন কানাডায়। এরই মধ্যে তাঁকে পাওয়ার জন্য বাফুফের পক্ষে থেকে নর্থ টরন্টো ক্লাবকে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। চিঠিতে তাঁকে ২৮ আগস্ট সরাসরি কিরগিজস্তানের রাজধানী বিশকেকে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। এএফসি কাপ খেলার জন্য বর্তমানে মালেতে অবস্থান করছে বসুন্ধরা কিংস। দলটির ডাক পাওয়া খেলোয়াড়েরাও একই দিনে মালদ্বীপ থেকে সরাসরি বিশকেকে যাবেন।

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে কিরগিজস্তানে তিন জাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় দল। সেখানে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দল দুটি হচ্ছে ফিলিস্তিন ও কিরগিজস্তান।

কিরগিজস্তানে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ৫ ও ৭ সেপ্টেম্বর যথাক্রমে ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে দুটি স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের বাইরে কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।