এবার কারাগারে এক ইংলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিং মামলায় এবার কারাগারে গেলেন এক ইংলিশ ক্রিকেটার। বাট, আসিফ ও আমিরের পর পরশু চার মাসের জেল হয়েছে কাউন্টি দল এসেক্সের সাবেক বোলার মারভিন ওয়েস্টফিল্ডের। ম্যাচ পাতানো দুর্নীতিতে এই প্রথম সাজা পেলেন কোনো ইংলিশ ক্রিকেটার। তবে এ ঘটনার পেছনেও জোরেশোরে উঠে আসছে এক পাকিস্তানি ক্রিকেটারের নাম—দানিশ কানেরিয়া।২৩ বছর বয়সী ওয়েস্টফিল্ড ২০০৯ সালে বজিকরদের কাছ থেকে ৬ হাজার পাউন্ড নিয়েছিলেন। বাজিকরদের সঙ্গে তাঁর চুক্তিটা হয়েছিল এ রকম; ডারহামের বিপক্ষে ৪০ ওভারের এক ম্যাচে নিজের প্রথম ওভারটা তিনি এমনভাবে করবেন যাতে ১২ রানের বেশি হয়। এই তরুণ বোলার টাকা নিয়েছেন তাঁরই এক সতীর্থ টনি প্যালাডিনোর কাছ থেকে। আর প্যালাডিনোদের পালের গোদা হচ্ছেন দানিশ কানেরিয়া। আদালতে এমনটাই বলেছেন কৌঁসুলিরা। ২০১০ সালে এ ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন কানেরিয়া। কিন্তু পুলিশ এই লেগ স্পিনারের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন না করায় ছাড়া পেয়ে যান। তবে দক্ষিণ আফ্রিকা সফরের পাকিস্তান দল থেকে প্রত্যাহার করে নেওয়া হয় তাঁকে। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি। পাকিস্তান দলে আবার সুযোগ পেতে গত নভেম্বরে সিন্ধু হাইকোর্টে কানেরিয়ার করা এক আবেদন নাকচ হয়ে যায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আইনি পরামর্শক জানিয়েছেন ইসিবি যদি নতুন করে কানেরিয়াকে নিয়ে তদন্ত শুরু করে তবে তাঁরা পিসিবির পূর্ণ সহযোগিতা পাবে। ব্যাপারটা ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে হলেও পাকিস্তানি খেলোয়াড়ের নাম উঠে আসাতেই পিসিবির এই উদ্যোগ।এ ঘটনায় কানেরিয়ার নাম আসায় হতাশ পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। ওয়েস্টফিল্ডের সাজা হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন আইসিসি প্রধান নির্বাহী হারুন লরগাত। তাঁর বিশ্বাস, ‘ক্রিকেটকে যারা কলঙ্কিত করতে চায় তাদের প্রতিহত করতে এটা (শাস্তি) কাজে দেবে।’ ওয়েবসাইট।