এবার কী করবে আর্সেনাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেরবার পারলে এবার নয় কেন? মিউনিখগামী বিমানে চড়ার আগে ছাত্রদের কানে এই মন্ত্রই পড়িয়ে দিচ্ছেন আর্সেন ওয়েঙ্গার। পরিস্থিতিই আর্সেনাল কোচকে অতীতের দিকে তাকাতে বাধ্য করছে। প্রথম লেগে আর্সেনালের মাঠে ২-০ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালে যেতে হলে আর্সেনালকে তাই আজ বায়ার্নের মাঠে ফিরতি লেগে করতে হবে বিস্ময়কর কিছু। কোচ ওয়েঙ্গার অনুপ্রেরণা খুঁজে ফিরছেন গত মৌসুমের সেই জয় থেকে।
গত মৌসুমেও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতেই মুখোমুখি হয়েছিল বায়ার্ন-আর্সেনাল। সেবারও প্রথম লেগে নিজেদের মাঠে ৩-১ হেরেছিল আর্সেনাল। পরে বায়ার্নের আলিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে জিতেছিল ২-০ গোলে। গানারদের কপাল পোড়ে অ্যাওয়ে গোলে পিছিয়ে থাকায়। এবার অবশ্য ২-০-তে জিতলে আর্সেনাল ম্যাচটা টেনে নিয়ে যেতে পারবে অতিরিক্ত সময়ে। ওয়েঙ্গার আত্মবিশ্বাসী, ‘আমরা সে রকম কিছু করতেই সেখানে যাচ্ছি এবং আমাদের তা করতে হবে। প্রথম গোলটা গুরুত্বপূর্ণ। এরপর যেকোনো কিছুই সম্ভব। গত বছর আমরা সেখানে ২-০-তে জিতেছিলাম। ওই ম্যাচ আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।’
সে ঘটনা মনে আছে বায়ার্নেরও। এবার তাই আগে থেকেই সতর্ক জার্মান ক্লাবটি। কোচ পেপ গার্দিওলা খেলোয়াড়দের কানে পড়িয়ে দিচ্ছেন বল পায়ে রাখার মন্ত্র, ‘আমরা যদি আর্সেনালকে বেশি বেশি বল পজেশনের সুযোগ দিই, আমাদের বড় সমস্যায় পড়তে হবে।’
ওয়েঙ্গার চাইলে অনুপ্রেরণা নিতে পারেন ম্যানচেস্টার সিটির ম্যাচ থেকেও। গত ডিসেম্বরেই গ্রুপ পর্বে বায়ার্নের মাঠে গিয়ে ৩-২ গোলে জিতেছিল সিটি। তার পরও প্রশ্নটা থাকছেই, আর্সেনাল কি অপ্রতিরোধ্য বায়ার্নকে আরেকবার মাটিতে নামাতে পারবে? গত মৌসুমে ট্রেবলজয়ী জার্মান ক্লাবটি পেপ গার্দিওলার হাতে পড়ে এবার যেন আরও বেশি অপ্রতিরোধ্য। দলে নেই চোটশঙ্কাও। তবে চোট নিয়ে আর্সেনাল অবশ্য অতটা নির্ভার থাকতে পারছে না। তবে দুই দলই মাঠে নামছে জয়ের আত্মবিশ্বাস নিয়ে।
চ্যাম্পিয়নস লিগে আজ ম্যাচ আছে আরও একটি। মাদ্রিদের ভিসেন্তে ক্যালদেরনে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি এসি মিলান। মিলান সাতবারের চ্যাম্পিয়ন, অ্যাটলেটিকো ফাইনালেই খেলেছে মাত্র একবার। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। লিগে রিয়াল-বার্সার সঙ্গে টেক্কা দিয়ে চলা অ্যাটলেটিকো প্রথম লেগে মিলানের মাঠ থেকে জিতে এসেছে ১-০ গোলে। আজ নিজেদের মাঠে ড্র করলেই অ্যাটলেটিকো ১৭ বছর পর উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। অ্যাটলেটিকো সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছে ১৯৯৭ সালে। বর্তমান কোচ ডিয়েগো সিমিওনে তখন ছিলেন খেলোয়াড়। লিগে ধুঁকতে থাকা ক্লারেন্স সিডর্ফের মিলান পারবে ঘুরে দাঁড়িয়ে নিজেদের মান রাখতে? এএফপি।

মুখোমুখি

বায়ার্ন মিউনিখ-আর্সেনাল
অ্যাটলেটিকো মাদ্রিদ-এসি মিলান
*প্রথমে স্বাগতিক দল