একের পর এক ওয়েস্ট ইন্ডিজের উইকেট পড়ছে আর পাশে বসে প্রথম আলোর খুলনা প্রতিনিধি শেখ আবু হাসান বলে যাচ্ছেন, ‘বুঝলেন দাদা, সুন্দরবন এখান থেকে খুব কাছে। বাঘের গর্জন এখানে শোনা যাবে না তো কোথায় শোনা যাবে!’ বলতে বলতেই ওয়েস্ট ইন্ডিজের অষ্টম উইকেট পড়ল। এবার মুখ শক্ত করে দাঁত কিড়মিড় করে বললেন, ‘হুঁ হুঁ, এটা বাদা অঞ্চল...বাছাধনেরা বুঝেছ এবার, এখানে এসে কেউ সুবিধা করতে পারবে না।’প্রেসবক্সের ডান পাশের গ্যালারি থেকে ততক্ষণে দর্শক মাঠ ছাড়তে শুরু করেছে। সেদিকে দৃষ্টি আকর্ষণ করে খুলনার আরেক সাংবাদিক বললেন, ‘ওই দেখেন, ওরা চলে যাচ্ছে। মিছিলের জোগাড়যন্ত্র করতে হবে না!’ম্যাচ শেষ! প্রেসবক্সে তুমুল হাততালি। এই একটা ক্ষেত্রে বাংলাদেশের প্রেসবক্স অনন্য। বিশ্বজুড়ে প্রেসবক্সে ‘যা যা করা যাবে না’ তালিকায় হাততালি দেওয়াটা ওপরের দিকেই থাকে। জোরে কথা বলাও। কিন্তু বাংলাদেশের প্রেসবক্সে এই নিয়মের থোড়াই কেয়ার করে কেউ! এখানে প্রেসবক্সে সব সময়ই তুমুল হইচই, গ্যালারির সঙ্গে পাল্লা দিয়ে হাততালিও। ব্যাপারটা এমনই ব্যতিক্রমী যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে অনেকবারই তা লেখার খোরাকও হয়েছে।আর এ দিন কে কাকে ঠেকায়! এই জয়কে ‘খুলনার জয়’ ধরে নিয়ে খুলনার স্থানীয় সাংবাদিক অধ্যুষিত অঞ্চলটা সবচেয়ে বেশি মাতোয়ারা। তাঁদেরই একজন এসে হাত মিলিয়ে বললেন, ‘ভাই, আমরা (পড়ুন খুলনা) ২-০ করে আপনাদের হাতে দিয়ে দিলাম। ঢাকায় গিয়ে অন্তত ৩-২ হলেও সিরিজটা জিতবেন।’সিরিজ জেতা-হারার ব্যাপারটা যে পুরোপুরিই আমার ওপরই নির্ভর করছে, এটা জেনে খুব পুলকিত হলাম। একটু চাপও যে বোধ করলাম, এটা না বললে মিথ্যা বলা হবে। বাবা রে বাবা, কী গুরুদায়িত্ব এখন আমার কাঁধে!ম্যাচ শেষে সংবাদ সম্মেলন-টম্মেলন শেষ করে উইকেটের ওপরে দাঁড়িয়ে আমরা কয়েকজন সাংবাদিক ছবি তুলছি। একজন খোঁচা দিয়ে বললেন, ‘প্রথম ম্যাচের পরই তো “অভাবনীয়” শিরোনাম দিয়ে দিয়েছেন। সেটি যদি অভাবনীয় হয়, আজকেরটা কী?’ ‘আজকেরটা আর কী, অভাবনীয়র বাবা’—তাৎক্ষণিক উত্তরটা দিয়েই মনে হলো, ‘বাবা’ দিয়েও ঠিক বোঝানো যাচ্ছে না, বলা উচিত অভাবনীয়র দাদা বা নানা!প্রথম ম্যাচে জয়ের পরই লিখেছি, ওই জয়টা একদমই আশা করিনি। কাইরান পোলার্ডের পাশে মমিনুল হককে দেখেছেন বা ক্রিস গেইলের পাশে মুশফিকুর রহিমকে? গালিভার আর লিলিপুট নিয়ে কেউ সিনেমা-টিনেমা বানালে কাস্টিংয়ের জন্য পরিচালককে একদমই ভাবতে হবে না। এই সিরিজের দুই দলে একাধিক বিকল্প আছে। সিরিজ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের শারীরিক আকৃতির পার্থক্যটা দলীয় শক্তিকেও প্রতিফলিত করে বলেই মনে হয়েছিল। আর এখন, টানা দুই ম্যাচে জিতে যাওয়ার পর সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিমের কথাটা খুব মনে পড়ছে—এটা ওদের শক্তির সঙ্গে আমাদের দক্ষতার লড়াই।অন্য প্রসঙ্গে চলে গেলাম। দ্বিতীয় ম্যাচও জিতে যাওয়াটাকে কী বলব? হ্যাঁ, প্রথম ম্যাচে জেতার পর আবারও একটা কিছু হয়ে যেতেই পারে আশা ছিল। কিন্তু যা হলো, সেটিকে যে ‘অভাবনীয় টু দ্য পাওয়ার ফোরটিন’ বলতে হচ্ছে! ওয়েস্ট ইন্ডিজের এই দলের বিপক্ষে ১৬০ রানে জয়! ভাই রে, এটা স্বপ্ন-টপ্ন নয় তো!আরেকটা কথাও মনে হলো। আহা, বাংলাদেশের ওয়ানডে সিরিজ সাধারণত যেমন তিন ম্যাচের হয়, এটাও তা-ই হলেই তো হতো! সাবেক অধিনায়ক ও এখন ক্রিকেট বোর্ডের কর্তা গাজী আশরাফ হোসেনকে রসিকতা করে বললাম, ‘এক কাজ করলে কেমন হয়! ওয়েস্ট ইন্ডিজকে বলুন, অনিবার্য কারণবশত ওয়ানডে সিরিজটা পাঁচ ম্যাচ থেকে তিন ম্যাচের করা হয়েছে।’আচ্ছা, আরেকটা কাজ করলেও তো মন্দ হয় না। খুলনার এই মাঠে চার ওয়ানডের চারটিতেই জয়, মিরপুরের মাঠে সমস্যা বলে বাকি তিনটি ম্যাচ এখানেই খেলে ফেললেও তো হয়! বিশ্বকাপে চট্টগ্রামে পরপর দুই ম্যাচে জয় এবং গত বছর ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে অলআউট করে দেওয়ার পর ‘বাংলাদেশের সব ম্যাচ চট্টগ্রামেই খেলা হোক’ এমন একটা দাবি (অথবা রসিকতা) উঠে গিয়েছিল। কিন্তু খুলনা তো দেখি এখন চট্টগ্রামকেও ছাড়িয়ে গেল। না, মিরপুরের প্রতি বড় অবিচার হচ্ছে। সেখানেই কি আমরা নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করিনি! নিউজিল্যান্ড-নিউজিল্যান্ড একটা হাওয়া কিন্তু উঠে গেছে। সেবারও তো কষ্টেসৃষ্টে একটা ম্যাচ যদি জেতা যায়—এই আশা নিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তার পর কী সব কাণ্ড হতে লাগল! তবে বারবার কি আর এমন হয়? লেখার পর মনে হচ্ছে, লাইনটা মুছে দেওয়াই নিরাপদ। হয়তো হবে না, কিন্তু ওই যে ‘হয়তো’ শব্দটা—ওটাই তো জানিয়ে দিচ্ছে নিরাপদ থাকার চেষ্টাটা। কিছু না বলাই ভালো, এই দল নিয়ে ভবিষ্যদ্বাণী করা মানে আগুন নিয়ে খেলা!