এবার ক্রিকেট খেলবেন বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দুই হাত ভরে পেয়েছেন। পর পর দুই অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪ x ১০০ মিটার দলগত রিলে—তিনটি ইভেন্টেই সোনা জয়ের রেকর্ড গড়েছেন। ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডও তাঁর। অ্যাথলেটিকসের কিংবদন্তি উসাইন বোল্ট এবার মাতাবেন ক্রিকেট মাঠ।ক্রিকইনফো আজ সোমবার জানিয়েছে, অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ‘বিগ ব্যাশ’ লিগে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন বোল্ট। সবকিছু ঠিক থাকলে এ বছরই মেলবোর্ন স্টারস ক্লাবের হয়ে দেখা যাবে এই গতিমানবকে। গত জুনে বোল্টের সাক্ষাত্কার নিয়েছিলেন স্টারসের প্রেসিডেন্ট ও টিভি উপস্থাপক অ্যাডি ম্যাকগুইরে। এর পরই বোল্টের বিগ ব্যাশে খেলার বিষয়টি আলোচনায় আসে। ক্লাবটির তারকা খেলোয়াড় শেন ওয়ার্নও এ নিয়ে বোল্টের সঙ্গে কথা বলেছিলেন। বোল্ট আলোচনার খবরটি স্বীকার করেছেন।অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনকে দেওয়া সাক্ষাত্কারে লন্ডনে তিনটি সোনাজয়ী বোল্ট বলেছেন, ‘শেন ওয়ার্ন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। জানতে চেয়েছিলেন, আমি সত্যি খেলতে আগ্রহী কি না।’বিগ ব্যাশে খেলার আগ্রহ প্রকাশ করে বোল্ট বলেন, ‘সময় পেলে অবশ্যই চেষ্টা করব। টি-টোয়েন্টি আমার ভালো লাগে। এটা খুবই উত্তেজনাকর। সব সময় শুধু শট খেলা নয়, আক্রমণাত্মক হয়ে খেলতে হয়। ব্যাটসম্যানদের এ ধরনটা খুবই ভালো লাগে আমার। সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করব। কারণ, আমি জানি, এটা খুবই মজার হবে। জানি না, কতটা ভালো করতে পারব। সম্ভবত, অনেক অনুশীলন করতে হবে আমাকে।’অ্যাথলেটিকসের বাইরে ফুটবল ও ক্রিকেটের প্রতি আগ্রহ রয়েছে বোল্টের। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার আগ্রহের কথা বেশ কয়েকবার জানিয়েছেন। বেইজিংয়ের পর লন্ডন অলিম্পিকেও ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের সোনা জয়ের পর একই আগ্রহ প্রকাশ করেন তিনি। বোল্ট বলেন, ‘আমি কিংবদন্তি হতে চেয়েছিলাম। সেটা আমি অর্জন করেছি। এবার যদি অনুপ্রেরণাদায়ক অন্য কোনো লক্ষ্য খুঁজে না পাই, তাহলে হয়তো আমি ফুটবলে আসতে পারি। আমি এখনো জানি না।’ অনুশীলন-সঙ্গী ইয়োহান ব্লেকের সঙ্গে নাকি ক্রিকেট নিয়ে খুব প্রতিদ্বন্দ্বিতা হয় বোল্টের। সংবাদ সম্মেলনে বোল্টের কাছে জানতে চাওয়া হয়েছিল, আইপিএলে সুযোগ পেলে তিনি খেলবেন কি না। জবাবে ২৫ বছর বয়সী বোল্ট বলেন, ‘আমি ক্রিকেট পছন্দ করি। ইয়োহানের মতো অতটা হয়তো নয়, তবে ক্রিকেট আমারও খুব পছন্দের খেলা। আইপিএল আমি দেখেছি। আইপিএলে খেলার কথা বলছেন? কেন নয়, আমি প্রস্তুত। আরে, আইপিএলের বড় যে তারকা ক্রিস গেইল, ওকে আমি আউট করেছি না!’এ পর্যায়ে বাংলাদেশের এক সাংবাদিক মনে করিয়ে দেন, গেইলকে বোল্ট ছক্কাও মেরেছেন। শুনে বোল্ট বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ, ওকে ছক্কাও মেরেছি।’