এবার গতি বাড়ানোর পালা
শিষ্যদের চমকে দিয়ে প্রশ্ন করলেন ইয়ান পন্ট, ‘বলো তো, সৈয়দ রাসেল কেন জাতীয় দলে নিয়মিত সুযোগ পায় না?’ দলের পেসাররা তো নির্বাচক নন, কোচও নন; তাঁরা কী করে এই প্রশ্নের উত্তর দেবেন!সবাইকে চুপ দেখে নিজেই উত্তরটা দিলেন এই ইংলিশ বোলিং কোচ, ‘ওর গতি কম। যদি আরও গতি থাকত, ওর মতো দারুণ একটা বোলার দলে অনিয়মিত হতো না। গতি বাড়ানোর কোনো বিকল্প নেই, সবাইকে গতি বাড়াতে হবে।’ সম্ভব কি অসম্ভব; সেই বিবেচনা পরে হবে। আপাতত বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে থাকা ছয় পেসারকেই দেখা গেল বোলিং কোচ পন্টের এই কথার সঙ্গে একমত—গতি বাড়াতেই হবে। সেই গতি বাড়ানোর কার্যক্রমও শুরু হয়ে গেল গতকাল।খেলোয়াড়দের নিয়ে ঝাড়া ঘণ্টা তিনেকের তাত্ত্বিকপর্ব সারলেন পন্ট। সে পর্বে আন্তর্জাতিক ক্রিকেটে গতির প্রয়োজনীয়তা, গতি কীভাবে বাড়ানো যায়—এসব গুরুগম্ভীর আলোচনা হলো। হলো প্রত্যেক পেসারের ভিডিও দেখে তাঁদের অ্যাকশনে ছোট-বড় ত্রুটি নির্ণয় এবং আদর্শ বোলিং অ্যাকশনের ভিডিও প্রদর্শন!এই দীর্ঘ পর্ব শেষ করে নাজমুল হোসেন বেশ তৃপ্ত কণ্ঠে বললেন, ‘উনি বলছেন, কারও রানআপে, কারও ফলো থ্রুতে, কারও ডেলিভারি অ্যাকশনে ছোটখাটো কিছু সমস্যা আছে। এগুলো ঠিক করে নিলেই এর চেয়ে একটু বেশি গতিতে বল করা সম্ভব।’একা নাজমুল নন, গতি বাড়ানো এই যে প্রকল্প বোলিং কোচ হাতে নিয়েছেন, তাতে সব পেসারই খুশি বলে জানালেন পন্ট নিজেই, ‘আমি ওদের জিজ্ঞেস করেছিলাম, কে কে জোরে বল করতে চাও? সবাই হাত তুলে ফেলল। এতেই বোঝা যায়, ওরা শিখতে আগ্রহী। এই গ্রুপ থেকে হয়তো দু-তিনজন উন্নতিটা করবে। কিন্তু সবাই আগ্রহী।’এই আগ্রহকে কাজে লাগিয়েই বাংলাদেশ জাতীয় দলে সত্যিকারের ‘ফাস্ট বোলার’ তৈরি করতে চান পন্ট, ‘আমাদের এই দলে কয়েকজন আছে যারা ১৪০ কিলোমিটারের ওপরে বল করতে পারে, আগেও করেছে। আমি কিছু ভালো ফাস্ট বোলার তৈরি করতে চাই। কারণ, আমার ব্যক্তিগত দক্ষতাই হলো পেস শেখানো। এখানে কমপক্ষে বিশ্বকাপ পর্যন্ত আছি। আমার বিশ্বাস, এর মধ্যে দু-তিনজন ভালো বোলার পেয়ে যাব।’পন্ট অবশ্য গতি বাড়াতে গিয়ে বোলারদের অ্যাকশনে কোনো পরিবর্তন আনতে চাইছেন না। এই পেসারদের মধ্যে পন্টের কাছে যাঁকে সবচেয়ে বেশি ‘শক্তিশালী’ মনে হচ্ছে, সেই রুবেল হোসেন বললেন, ‘উনি আমাদের কারও অ্যাকশনে পরিবর্তন আনতে চাচ্ছেন না। ইয়ান বলছেন, আমার ডেলিভারির ল্যান্ডিংয়ে পা ঠিক থাকে না। সেটা ঠিক করে ফেলতে পারলে গতি আরও বাড়ানো সম্ভব।’শফিউল ইসলামের ক্ষেত্রেও নাকি প্রায় একই ‘রোগ’ নির্ণয় করেছেন পন্ট। শাহাদাত হোসেন ও মাহবুবুল আলম অবশ্য বললেন, তাঁদের ব্যাপারে এখনো খুব বেশি কিছু শনাক্ত করতে পারেননি বোলিং কোচ; কারণ, তাঁদের খুব বেশি দিন কাছে পাননি।যাঁকে কাছে পেয়েছেন, সেই সৈয়দ রাসেলেরও নাকি গতি বাড়িয়ে দেবেন পন্ট! রাসেল নিজেই বলছিলেন, ‘সবাই তো আমার গতি কম, এটা নিয়েই কথা বলে। কোচ বলছেন, আমার পক্ষেও ঘণ্টায় ১৩০ কিলোমিটারের ওপরে বল করা সম্ভব। দেখি, কী হয়! গতি বাড়ানোর জন্য কোচ যা করতে বলবেন, তা-ই করব।’দীর্ঘদিন ধরে বাংলাদেশের পেস বোলিংয়ের প্রতিশব্দ হয়ে থাকা মাশরাফি অবশ্য রাসেলের মতো এভাবে কথা দিতে পারলেন না। গতি তিনিও বাড়াতে চান, তবে একটা ‘কিন্তু’ আছে। মাশরাফি তো গতি নিয়েই আবির্ভূত হয়েছিলেন ক্রিকেটে। চোটের পর চোট সেই গতি কেড়ে নিয়েছে। তাই একটু যেন শঙ্কিত মাশরাফি, ‘শুধু তো পেস বাড়ালেই হবে না। ইনজুরির আশঙ্কার কথাও মাথায় রাখতে হবে। অবশ্য পন্ট বলেছে, ইনজুরির আশঙ্কা কমবে এভাবেই সে কাজ করবে। সেটা হলে গতি বাড়াতে কে না চায়!’গতি বাড়াতে গিয়ে ‘দুর্ঘটনা’ না ঘটে, সেটাই বড় কথা।