এবার গম্ভীরও
যে কয় দিনের জন্যই হোক, ইংল্যান্ডের প্রবাসজীবন এমনিতে উপভোগ্য মনে না হওয়ার কোনো কারণ নেই। তবে ভারতীয় দলের জন্য পরিস্থিতিটা এবার ব্যতিক্রম। টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর ইংল্যান্ডে থাকার উৎ সাহ পেতে কিছু একটা আনন্দের উপলক্ষ তো দরকার। কাল ওল্ড ট্রাফোর্ডে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জয়ই এটি দিতে পারে তাদের। অবশ্য টেস্ট সিরিজের মতো এই উপলক্ষটার আগেও ভারতীয় শিবিরে অমঙ্গলের বাতাস। এবারের সমস্যা, গৌতম গম্ভীর বল দেখছেন না! চতুর্থ টেস্ট খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে চোখে ব্যথা পেয়েছেন এই ওপেনার। ওই টেস্টের কোনো ইনিংসেই ওপেন করেননি, ব্যাটিং করেছেন নিচের দিকে। খেলতে পারেননি কেন্ট, সাসেক্সে ও লিস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ তিনটিতেও। গম্ভীরকে দেশে ফেরত পাঠানোর সম্ভাবনাই প্রবল। দলের ম্যানেজার শিবলাল যাদব বলেছেন, ‘খুব জোরে বল এলে সে ওটা দেখতে পারছে না। মঙ্গলবার (আজ) তাকে ম্যানচেস্টারের একটা চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে।’দেশে ফেরত পাঠানো হলে গম্ভীর হবেন পঞ্চম খেলোয়াড়, যাঁকে চলতি ইংল্যান্ড সফর থেকে ছিটকে যেতে হবে। এর আগে জহির খান, যুবরাজ সিং, হরভজন সিং ও বীরেন্দর শেবাগকে ইনজুরিতে পড়ে সরে যেতে হয় সফর থেকেই। একমাত্র এই টি-টোয়েন্টিসহ ৩ সেপ্টেম্বর থেকে শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা অ্যাঙ্কেলের ইনজুরি নিয়েই খেলবেন ইশান্ত শর্মা। আগামী বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরের পর অস্ত্রোপচার করাবেন তিনি।ওয়ানডে সিরিজটা ভারতীয়দের জন্য আরও একটা কারণেও বিশেষ হয়ে থাকবে। প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফেরা রাহুল দ্রাবিড় ওয়ানডেকে বিদায় জানিয়ে দেবেন এই সিরিজ খেলেই।সন্দেহ নেই, শেবাগ-গম্ভীরদের অনুপস্থিতিতে দ্রাবিড়কে টেস্টের খোলস থেকে বেরিয়ে এসে বড় দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মনে করছেন, ওয়ানডেতে কিছু করে দেখাতে হলে ভারতীয় পেসারদেরই নিতে হবে অগ্রণী ভূমিকা। ইএসপিএনস্টারকে আকরাম বলেছেন, ‘চেস্টার-লি-স্ট্রিটে শুরু ওয়ানডে সিরিজে ভারতীয় বোলারদের ওপরই সবার চোখ থাকবে। ভালো বোলিং আক্রমণের অভাবেই টেস্টে বিধ্বস্ত হয়েছে ভারত এবং সে রকম চলতে থাকলে এখানেও পরিণতি তা-ই হবে।’ ওয়েবসাইট।