এবার গেইল ঝড়ের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন শুধু ঝড়ই তুলে গেছেন। কাল ক্রিস গেইল আর তাঁর দল শিকার হলো পাল্টা-ঝড়ের। ঝড়টা তুললেন অ্যাডাম গিলক্রিস্ট আর শন মার্শ। ‘গিলি’র ৫৫ বলে ৮টি চার, ৯ ছক্কায় করা ১০৬ রান; মার্শের ৪৯ বলে ৭টি চার, ৫ ছক্কায় করা অপরাজিত ৭৯ রানের সৌজন্যে ২ উইকেটে ২৩২ রান করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব, যেটি এবারের আইপিএলের সর্বোচ্চ স্কোর। ১৭ ওভারে ১২১ রানে অলআউট হয়ে গেইলের বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স হেরেছে ১১১ রানে, আইপিএলে যেটি রানের দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম পরাজয়।রেকর্ড হয়েছে আরও একটি। দ্বিতীয় উইকেটে গিলক্রিস্ট-মার্শ মিলে ২০৬ রান তুলেছেন। যেকোনো ধরনের টি-টোয়েন্টিতে এটাই প্রথম ২০০ রানের জুটি। এর আগে প্রায় ২০০ স্ট্রাইক রেটে ৭ ম্যাচে ৪৩৬ রান করা গেইল এদিন ৭ বলেও রানের খাতা খুলতে ব্যর্থ হয়ে ফিরেছেন সাজঘরে। এত রেকর্ডের রাতে এই বিশাল পরাজয়েও অবশ্য গেইলের দলের কোনো ক্ষতি হয়নি। শেষ চার আগেই নিশ্চিত হয়ে গেছে তাদের। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আশা বেঁচে রইল পাঞ্জাবেরও। ওয়েবসাইট।