মাত্র এক মাসের অনুশীলন। নামকাওয়াস্তে তিনটি প্রস্তুতি ম্যাচ। আন্তর্জাতিক টুর্নামেন্ট যে এত সহজ নয়, সাফ মহিলা ফুটবলে সেটা ভালোভাবেই টের পেল বাংলাদেশ দল। কাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২-১ গোলে পরাজয়ে বিদায় নিল টুর্নামেন্ট থেকে। প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হারের পর ভুটানের সঙ্গে মাত্র ১-০ গোলের জয় বাংলাদেশকে নিয়ে গিয়েছিল খাদের কিনারায়। সেমিফাইনালে উঠতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। ড্র হলেও গোল গড়ে এগিয়ে থাকা শ্রীলঙ্কা উঠে যেত শেষ চারে। কিন্তু শেষ পর্যন্ত জিতেই গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে স্বাগতিকেরা।আফসোস অবশ্য হতেই পারে। মাত্র তিন মিনিটের মধ্যে দুই গোল খেয়ে ম্যাচের শেষ দিকে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ৭৫ মিনিটে অম্রা চিং মারমার গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশ ৮৩ মিনিট পর্যন্ত ধরে রেখেছিল এই অগ্রগামিতা। তখনই সমতা আনেন হাসারা দিলরাঙ্গি। আর ৮৬ মিনিটে দ্বিতীয় গোল করে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেন অচলা চিতারানি। দিনের অন্য ম্যাচে ভারত ১১-০ গোলে ভুটানকে উড়িয়ে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন।