এবার গ্রেগ রিচির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ
সাম্প্রতিক সময়ে ক্রীড়াবিশ্বে বেশ কবার ঝড় উঠেছে বর্ণবাদী মন্তব্য বা আচরণের অভিযোগে। এবার সেই তালিকায় যোগ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার গ্রেগ রিচি। গত শুক্রবার ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে এক অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায় নিয়ে বিতর্কিত কিছু মন্তব্য করেন তিনি। এখন এই অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।গত শুক্রবার গ্যাবা ট্রাস্টের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ করে বিতর্কিত কিছু মন্তব্য করেন গ্রেগ রিচি। এর আগেও এ ধরনের বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন সাবেক এই অসি ক্রিকেটার। ২০০৩ সালে ভারতের বিপক্ষে একটি টেস্ট চলাকালে ভারতীয় সংস্কৃতি নিয়ে ব্যঙ্গাত্মক পরিবেশনা উপস্থাপন করার কথা ছিল রিচির। কিন্তু বিতর্ক এড়াতে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছিল অনুষ্ঠানটি। রিচির করা এবারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বলেছেন, ‘সাধারণভাবেই আমরা এই অনুষ্ঠানে করা বিতর্কিত মন্তব্যগুলো নিয়ে উদ্বিগ্ন। এরই মধ্যে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেগের সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয়টি বিস্তারিত বোঝার চেষ্টা করেছেন। কিন্তু নীতিগতভাবে আমরা মনে করি, খেলাধুলার মধ্যে জাতি-বর্ণবৈষম্যের কোনো জায়গা নেই। আমরা আইসিসির বর্ণবাদবিরোধী নীতিমালার প্রতি পূর্ণ সমর্থন জানাই।’আশির দশকে অস্ট্রেলিয়ার হয়ে ৩০টি টেস্ট খেলেছেন গ্রেগ রিচি। ১৯৯৭ সালে চ্যানেল নাইনের পক্ষে ধারাভাষ্য দেওয়ার সময় বর্ণবাদী মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।