এবার ঘরের কাজে...

সংবাদমাধ্যমে উপস্থিতি নেই। স্বামীর খেলা দেখতে নিয়মিত মাঠে যাওয়া, এখানে-সেখানে তাঁকে নিয়ে কথাও খুব একটা বলেননি অঞ্জলি টেন্ডুলকার। কিন্তু আড়ালে থেকে স্বামীর জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছেন সেটা বিদায়ী বক্তৃতায় বলেছেন শচীন টেন্ডুলকার নিজেই। স্ত্রীও তাই আপ্লুত স্বামীর বিদায় নিয়ে। বললেন, তাঁর স্বামীর কাছে ক্রিকেটহীন জীবনটা অকল্পনীয়!
প্রায় এক মাস আগে ঘোষণার পর থেকে বিদায়ের সময়টা যতই ঘনিয়ে আসছিল ততই নাকি ভারী হয়ে এসেছে টেন্ডুলকার পরিবারের বাতাস, ‘গত এক মাস আমাদের জন্য কঠিন ছিল। এই দিনটার কথা ভেবে আমরা আবেগাপ্লুত হয়েছি। ক্রিকেট টেন্ডুলকারকে ছাড়া থাকতে পারে, কিন্তু টেন্ডুলকারের জীবনে ক্রিকেট থাকবে না, এটা কোনোভাবেই ভাবতে পারছি না।’ ক্রিকেটকেই যে টেন্ডুলকার জীবনের একমাত্র ব্রত করে নিয়েছিলেন সেটাও বললেন অঞ্জলি, ‘আমি কখনই ওকে ক্রিকেট ছাড়া দেখিনি। এমনকি ইংল্যান্ডে বা অন্য কোথাও ছুটি কাটাতে গেলেও সব সময় ওর মাথায় ক্রিকেটই ঘুরপাক খেত। পরিমাণমতো খাওয়া, ছেলে অর্জুনকে নিয়ে নিয়মিত জিম করা, সবই চলত সেখানেও।’
স্বামীর মতোই চিরকাল নিজের আবেগ লুকিয়ে রেখেছেন অঞ্জলি। তবে কাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেন্ডুলকারের বক্তৃতার পর নিজের আর অশ্রু ধরে রাখতে পারেননি, জানালেন এই গুণটা তাঁদের ছেলেমেয়েদেরও আছে, ‘সারা একেবারেই ওর বাবার মতো। ও নিজের আবেগের বহিঃপ্রকাশ কখনই করে না। ওরা দুজনেই জন্মের পর থেকেই বাবাকে একজন সুপারস্টার ক্রিকেটার হিসেবেই দেখে আসছে। বড় হতে হতে বুঝতে পেরেছে ওদের বাবা কেমন।’
অবসরের পর এখন টেন্ডুলকারকে বেশি বেশি ঘরের কাজে লাগাবেন বলেও মজা করলেন অঞ্জলি, ‘ও চিরকালই বাড়ির রং কোথাও নষ্ট হয়ে গেল কি না, তা নিয়ে চিন্তায় থাকে। আশা করছি, এবার আমি ওকে দিয়ে অনেক ঘরের কাজ করাতে পারব।’ ওয়েবসাইট।