এবার ঘরের মাঠে টেন্ডুলকার
পায়ে চোট পেয়েছেন শিবনারায়ণ চন্দরপল, গত দুই দিন অনুশীলনও করেননি। ড্যারেন স্যামি তবু বলছেন, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন চন্দরপলকে রাখতে। ভেতরের খবর, চোট নিয়েই হয়তো তাঁকে খেলতে হবে। ৩৭ পূর্ণ করেছেন গত আগস্টে, ওয়েস্ট ইন্ডিজের এই দলের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপল। সিরিজ নিষ্পত্তি হয়ে যাওয়ার পরও এত ঝুঁকি নিয়ে কেন তাঁকে খেলানোর চেষ্টা?উত্তর সম্ভবত একটাই, হোয়াইটওয়াশ ঠেকানোর চেষ্টা! উল্টো দিকে ভারতের সামনে এসে গেছে বিরল এক সুযোগ। নিজেদের প্রায় ৮০ বছরের টেস্ট ইতিহাসে ২ ম্যাচের সিরিজগুলো বাদ দিলে ভারত প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পেরেছে মাত্র দুবার। ১৯৯৩ সালে ইংল্যান্ডকে হারিয়েছিল ৩-০-তে, পরের বছর শ্রীলঙ্কাকে একই ব্যবধানে। সর্বশেষ সুযোগটা এসেছিল এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই, ২০০২ সালে। প্রথম দুই টেস্টে হারার পর সেবার শেষ টেস্টটা ড্র করতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার সেই টেস্টের স্মৃতিই হয়তো চন্দরপলকে খেলাতে আরও মরিয়া করে তুলছে ক্যারিবীয়দের। উইন্ডিজের ম্যাচ বাঁচানোয় বড় ভূমিকা ছিল সেবার চন্দরপলের, একমাত্র ইনিংসে করেছিলেন ১৪০। ওই ম্যাচের আর একজনই আছে এই দলে—মারলন স্যামুয়েলস। ওই টেস্টে স্যামুয়েলস পান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এবারও হোয়াইটওয়াশ ঠেকাতে চন্দরপলের সঙ্গে স্যামুয়েলসকে করতে হবে দারুণ কিছু। ওই কলকাতা টেস্ট তো আছেই, ওয়েস্ট ইন্ডিজের প্রেরণা গত সপ্তাহের কলকাতা টেস্টও। ইনিংস ও ১৫ রানে হারলেও দ্বিতীয় ইনিংসে ৪৬৩ রান করেছে ক্যারিবীয়রা, একপর্যায়ে রান ছিল ৪ উইকেটে ৪০১! ওই ইনিংসে ৬০ রান করা কার্ক এডওয়ার্ডস তো ঘুরে দাঁড়ানোর ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী, ‘কলকাতায় দ্বিতীয় ইনিংসটা আমরা অনেক আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছি। সেই আত্মবিশ্বাস অবশ্যই মুম্বাইতে আমাদের সঙ্গী হবে।’ ওয়েস্ট ইন্ডিজের জন্য সুখবর আছে আরেকটি। ওয়াংখেড়ের উইকেটে যথেষ্ট বাউন্স থাকবে বলে শোনা যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণ সে ক্ষেত্রে ভোগাতে পারে ভারতীয় ব্যাটসম্যানদের। তবে বাস্তবতা হলো, নিজেদের সেরার কাছাকাছিও খেলতে পারলে এবার অনায়াসে জিতবে ভারত। যুবরাজ সিং বাদ পড়ায় দলে একটা পরিবর্তন নিশ্চিতভাবেই আসছে। সেই সৌভাগ্যবান হতে পারেন বিরাট কোহলি। তবে রোহিত শর্মারও হয়ে যেতে পারে টেস্ট অভিষেক। এই ম্যাচ দিয়েই সাড়ে ৫ বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে ওয়াংখেড়েতে। ফিরেই কিন্তু ইতিহাসের সাক্ষী হতে পারে ঐতিহাসিক স্টেডিয়ামটি। বুঝে ফেলেছেন তো? শচীন টেন্ডুলকারের সম্ভাব্য শততম সেঞ্চুরি যথারীতি আলোচনার শীর্ষে। টেন্ডুলকারের সামনে এবার সুযোগ ঘরের মাঠে ইতিহাস গড়ার। এ উপলক্ষের জন্যই কি অপেক্ষা করছিলেন টেন্ডুলকার? এএফপি, ওয়েবসাইট।