এবার ঘরোয়া চ্যাম্পিয়ন শাকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শুটিংয়ের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জয়ের পর বিজয়মঞ্চে শাকিল আহমেদ (মাঝে), রুপাজয়ী শাহাদাৎ আহমেদ (বাঁয়ে) ও ব্রোঞ্জজয়ী মোকসেদুর রহমান। কাল গুলশান শুটিং কমপ্লেক্সে l ছবি: সৌজন্য
জাতীয় শুটিংয়ের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জয়ের পর বিজয়মঞ্চে শাকিল আহমেদ (মাঝে), রুপাজয়ী শাহাদাৎ আহমেদ (বাঁয়ে) ও ব্রোঞ্জজয়ী মোকসেদুর রহমান। কাল গুলশান শুটিং কমপ্লেক্সে l ছবি: সৌজন্য

ঘরোয়া আসরে সোনা জেতার আগেই আন্তর্জাতিক অঙ্গনে সোনা জিতেছেন শাকিল আহমেদ। গত ফেব্রুয়ারিতে ভারতে এসএ গেমসে সোনা জিতে সবার প্রত্যাশাটাও বাড়িয়ে দিয়েছিলেন। ২৮তম জাতীয় শুটিংয়ে কাল অবশ্য হতাশ করেননি আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের শুটার। জাতীয় প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার পিস্তলের সিনিয়র বিভাগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলেন খুলনার তরুণ। ফাইনালে ১৯২.৩ স্কোর করা শাকিল গতবার এই ইভেন্টে জিতেছিলেন রুপা।
শাকিল এসএ গেমসে সোনা জিতেছেন ৫০ মিটার ফ্রি পিস্তলে। ওটাই শাকিলের প্রিয় ইভেন্ট। আগামীকাল রেঞ্জে নামবেন এই ইভেন্টের সোনার পদকের লড়াইয়ে।
শুটিং শেষে উচ্ছ্বসিত শাকিল বলছিলেন, ‘আমার জন্য এটা একটা মর্যাদার লড়াই ছিল। স্নায়ুচাপেও ভুগছিলাম। কারণ এসএ গেমসে সোনা জয়ের পর সবাই আমার দিকেই তাকিয়ে ছিল। শেষ পর্যন্ত সোনা জিততে পেরে ভীষণ খুশি লাগছে।’ ১০ মিটার এয়ার পিস্তলের জুনিয়রে সোনা জিতেছে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের আনোয়ার হোসেন। তাঁর স্কোর ১৯৪.৭।
রিও অলিম্পিক শেষে কাল আবার রেঞ্জে দাঁড়িয়েছেন আবদুল্লাহ হেল বাকি। তবে প্রিয় ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেলে নয়, অংশ নিয়েছেন ৫০ মিটার রাইফেলের থ্রি-পজিশনে। এতে কুষ্টিয়ার তৌফিক শাহরিয়ার চন্দন ১১৪৩ স্কোর করে সোনা জিতেছেন। নৌবাহিনীর শুটার বাকি রুপা জিতেছেন ১১২৩ স্কোর করে। ব্রোঞ্জজয়ী আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের ইউসুফ আলীর স্কোর ১১২১।
এই ইভেন্টের জুনিয়রে সোনা জিতেছে বিকেএসপির আবু সুফিয়ান (১১১৬), রুপা একই ক্লাবের রবিউল ইসলামের (১১১২), ব্রোঞ্জজয়ী আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের শাহিন আলমের স্কোরও ১১১২।