এবার চলেই যেতে চান হকি কোচ গেরহার্ড
লিখিত চুক্তি নেই তাঁর সঙ্গে। এক বছর ধরে তবু তিনি বাংলাদেশ হকি দলের কোচ। কিন্তু এভাবে আর থাকতে চান না পিটার গেরহার্ড। বিদেশে প্রস্তাব থাকায় আগামী রোববার বাংলাদেশ ছাড়তে পারেন জার্মান কোচ। গন্তব্য সিঙ্গাপুর। কিন্তু বাংলাদেশ হকি ফেডারেশন তাঁকে রাখতে চাইলে যাবেন না। এর আগে তো ফেডারেশনের কথা বলতে হবে। এই ‘কথা’ই হচ্ছে না। পিটার হতাশ, ‘এক বছর কাজ করেছি এখানে। বেতন পাইনি। এখনো ফেডারেশন আমার সঙ্গে কথা বলছে না। আমি পদত্যাগ করব।’গত বছর যাওয়া-আসার মধ্যে ছিলেন। সর্বশেষ কয়েক দিন আগে এসেছেন। এখন কি তাঁর সঙ্গে কথা বলা যায় না? হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিলউদ্দিন বলছেন, ‘লিখিত চুক্তি না থাকায় সেভাবে বেতন দিতে হয়নি। তবে যখন যা সম্ভব হয়েছে তাঁকে দিয়েছি। সীমিত সামর্থ্যের মধ্যেও তাঁকে এখন একটা প্রস্তাব দিয়েছি। দেখা যাক কী হয়, তাঁর সঙ্গে কথা বলব।’ঢাবিতে আন্তবিভাগ বাস্কেটবল: ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তবিভাগ বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ। রানার্সআপ ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের শাহরিয়ার ইকবাল। সর্বোচ্চ স্কোরার অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ছাত্র বিপ্লব বড়ুয়া। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সহ-উপাচার্য হারুন-অর-রশিদ।