এবার চূড়া দেখল জাতীয় লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ আহমেদ,টানা তিন ম্যাচে সেঞ্চুরি
আসিফ আহমেদ,টানা তিন ম্যাচে সেঞ্চুরি

পরশু গভীর এক খাদ দেখেছিল জাতীয় লিগ। বাংলাদেশে সর্বনিম্ন প্রথম শ্রেণীর স্কোর করে অলআউট হয়েছিল ঢাকা মহানগর। এক দিনের ব্যবধানে কাল সেই জাতীয় লিগই উঠে গেল এভারেস্ট চূড়ায়। কাল বিকেএসপির চার নম্বর মাঠে ৭৫৬ রান করে ইনিংস ঘোষণা করেছে ঢাকা বিভাগ। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশে এটাই সর্বোচ্চ ইনিংস। মিরপুর টেস্টে শ্রীলঙ্কার গড়া ৭৩০ রানের রেকর্ডটা টিকল না এক মাসও।
রাজশাহীর বিপক্ষে ৪ উইকেটে ৬৬২ রান নিয়ে দিন শুরু করা ঢাকা বিভাগ কাল আরও ৯৪ রান যোগ করে ছেড়ে দেয় ইনিংস। ডাবল সেঞ্চুরি করা তাইবুর থেমেছেন ২০৭ রানে। সেঞ্চুরি পেয়েছেন নাদিফ চৌধুরীও। নাদিফের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতেই আরেকটি ব্যাটিং রেকর্ড গড়েছে ঢাকার দলটি। রনি-মজিদ-তাইবুর-নাদিফ, বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট প্রথমবারের মতো এক ইনিংসে চার সেঞ্চুরি পেল। এর আগে ২০০৭ সালে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন চার ভারতীয় দিনেশ কার্তিক, ওয়াসিম জাফর, রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকার।
৭৫৬ রানের শৃঙ্গে চড়ার পর রাজশাহীকে ১৭৮ রান গুটিয়ে দিয়েছে ঢাকা বিভাগ। ৫৭৮ রানের লিড। তার পরও সবাইকে অবাক করে আবার ব্যাট করতে নেমেছে তারা। ৩ ওভারেই ২৮ রান তুলে লিডটা নিয়ে গেছে ৬০৬ রানে। এর আগে রাজশাহীর ১০ উইকেটের নয়টিই নিয়েছেন দুই স্পিনার নাজমুল অপু (৫) ও নূর হোসেন (৪)।
ঢাকা বিভাগের রেকর্ডের দিনে আলো ছড়িয়েছেন ঢাকা মহানগরের আসিফ আহমেদ। টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন ২১ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। আগের দুই ম্যাচে সিলেট ও বরিশালের বিপক্ষে অপরাজিত ১০৬ ও ২০০ রান করা আসিফ এবার করেছেন ১৩২। প্রথম ইনিংসে ৪৮ রানের লজ্জায় পড়া তাঁর দল এবার করেছে ৩৭৩। ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করে রংপুর ৩ উইকেটে করে ফেলেছে ১১৩ রান।
সিলেটে তিন দিনের মধ্যেই স্বাগতিকদের হারিয়ে লিগে এবার প্রথম জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা। ১৭ রানের লক্ষ্য ৮.৪ ওভারেই ১ উইকেট হারিয়ে তুলে ফেলে খুলনা। চট্টগ্রামে বরিশালকে হারাতে আজ শেষ দিনে চট্টগ্রামকে করতে হবে আরও ১৮২ রান। লক্ষ্য ২৯৫, স্বাগতিকেরা কোনো উইকেট না হারিয়েই দিন শেষ করেছে ১১৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর
 সিলেট: ১২৩ ও ৭২.৪ ওভারে ২৪৫ (অলক ৪১, ইমতিয়াজ ৩৯, রাজিন ৩৬, নাসুম ৩২, সায়েম ৩১; মুরাদ ৪/৫৬, নাহিদুল ৪/৫৯, নিজামউদ্দিন ১/১৮, জিয়াউর ১/২০)। খুলনা: ৩৫২ ও ৮.৪ ওভারে ১৮/১ (সৌম্য ৫; অলক ১/১২)।
ফল: খুলনা ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জিয়াউর রহমান (খুলনা)।
 ঢাকা বিভাগ ১ম ইনিংস: ১৯৭.৫ ওভারে ৭৫৬/৫ ডি. (তাইবুর ২০৭, মজিদ ১৮২, নাদিফ ১০৯*, রনি ১০৩, নুরুল ৫০*, রকিবুল ৪১, শুভাগত ৩১; দেলোয়ার ২/১০৪, সাকলাইন ২/১৪৭, ফরহাদ হোসেন ১/৫৬) ও ২য় ইনিংস: ৩ ওভারে ২৮/০ (মজিদ ১৬*, রনি ১১*)। রাজশাহী ১ম ইনিংস: ৬৪.১ ওভারে ১৭৮ (ফরহাদ হোসেন ৪৯, জুবায়ের ৪২*; অপু ৫/৫৫, নূর ৪/৩৮)।
 রংপুর ১ম ইনিংস: ২৪০ ও ৫০ ওভারে ১১৩/৩ (মাহমুদুল ২৭*, সাদ্দাম ২৩; শরীফউল্লাহ ২/২৬, আসিফ ১/১৬)। ঢাকা মহানগর: ৪৮ ও ১১৫.৩ ওভারে ৩৭৩ (আসিফ ১৩২, মার্শাল ৬৫, সানি ৪৬, সগীর ৪৪, আবু বক্কর ৩৩; আরিফুল ৪/৯৮, সাজেদুল ২/৪৪, সোহরাওয়ার্দী ২/৭৪, তানভীর ১/৪৪, শুভাশিস ১/৭০)।

 বরিশাল: ১৯৭ ও ৯৩ ওভারে ২৭৬ (সালমান ৫০, ফজলে রাব্বী ৪৮, শাহিন ৪৮, মানিক ৩৪, মনির ৩০*; ইউনুস ৫/৭৬, ইয়াসিন ৫/৯১)। চট্টগ্রাম: ১৭৯ ও ৪১ ওভারে ১১৩/০ (মাহবুবুল ৭৯*, নাফিস ৩৪*)।
বাংলাদেশে প্রথম শ্রেণীর ক্রিকেটে দলীয় সর্বোচ্চ
স্কোর ম্যাচ ভেন্যু মৌসুম
৭৫৬/৫ ডি. ঢাকা বিভাগ-রাজশাহী বিকেএসপি (৪) ২০১৩-১৪
৭৩০/৬ ডি. শ্রীলঙ্কা-বাংলাদেশ মিরপুর ২০১৩-১৪
৭১২/৭ ডি. বরিশাল-সিলেট ফতুল্লা ২০০৬-০৭
৬৭৬/৯ ডি. দ. আফ্রিকা ‘এ’-বাংলাদেশ ‘এ’ মিরপুর ২০১০
৬৫৫/৭ ডি. মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল বগুড়া ২০১২-১৩