এবার চোট পেলেন জুনায়েদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঢাকা প্রিমিয়ার লিগকে মনে করা হচ্ছিল বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি। কিন্তু এই আদর্শ প্রস্তুতির টুর্নামেন্টই না শেষ পর্যন্ত অভিশাপ হয়ে দাঁড়ায়! প্রিমিয়ারের ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পেয়ে মাশরাফি বিন মুর্তজার বিশ্বকাপ-স্বপ্ন এখন ভাগ্যের হাতে। কাল চোট পেলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার জুনায়েদ সিদ্দিকও এবং সেই একই ভেনু্যু বিকেএসপিতেই! তবে আশার খবর, চোটটা গুরুতর কিছু নয়। হয়তো খেলতে পারবেন প্রিমিয়ারে পরের ম্যাচেই।মাশরাফির মতো জুনায়েদের চোটটাও একটু উদ্ভট ধরনের। ব্যাটিংয়ের সময় হঠাৎ করেই টান লাগে বাঁ পায়ের গোড়ালির পেছন দিকের শিরায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনিরুল আমিন এটাকে বলছেন স্রেফ পেশির টান জাতীয় কিছু একটা। পরে দলের ফিল্ডিংয়ের সময় মাঠে নামেননি জুনায়েদ। মনিরুলই জানিয়েছেন, আপাতত শঙ্কার কিছু নেই, ‘জুনায়েদের চোট খুব সিরিয়াস কিছু নয়, আপাতত এক্স-রেও করা হচ্ছে না। দু-এক দিন পর্যবেক্ষণে রাখার পর পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’জুনায়েদ শঙ্কামুক্ত হলেও মাশরাফিকে নিয়ে শঙ্কা কতটুকু, এর একটা ধারণা পাওয়া যেতে পারে আজ। তাঁর চোটের অবস্থা বা অগ্রগতির আজ পর্যালোচনা হবে।