এবার চোট রোনালদোর

চোটের কারণে লিওনেল মেসি বেশ কিছুদিন ধরেই খেলার বাইরে। গত রাতে চোটের শীতল স্পর্শ পেলেন বর্তমান সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।
রিয়াল মাদ্রিদ প্রাণভোমরার চোট উরুতে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে এর আগেই অবশ্য দলকে তিনি এগিয়ে দিয়েছিলেন ১-০ গোলে। শেষ পর্যন্ত রিয়াল জেতে ৫-০ গোলের বড় ব্যবধানে।
চোট তাঁকে মাঠে থাকতে না দিলেও তা তেমন গুরুতর কিছু নয় বলেই প্রাথমিকভাবে জানা গেছে। মাঠ ছাড়ার সময় রোনালদো কারও সহায়তা নেননি। মুখে অস্বস্তির ছাপ থাকলেও চোটের অবস্থা গুরুতর মনে হয়নি। ম্যাচ শেষে সেটাই জানালেন রোনালদো, ‘চোটটা বিশেষ কিছু নয়। বাড়তি সতর্কতা হিসেবেই মাঠ ছাড়ি আমি।’ রোনালদোর চোটকে হালকা বলে উড়িয়ে দেন কোচ কার্লো আনচেলত্তিও, ‘রোনালদো ঊরুর পেশিতে সামান্য চোট পেয়েছে। আমার মনে হয় না, এটা বড় কোনো সমস্যা। আশা করছি, দ্রুতই সেরে উঠবে সে। কাল (আজ) কিছু পরীক্ষা-নিরীক্ষা করাব। তবে আমরা এখন পর্যন্ত মনে করি না, রোনালদোর গুরুতর কিছু হয়েছে।’
এবারের ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের জন্য এগিয়ে রাখা হচ্ছে মেসি, রোনালদো ও ফ্রাঙ্ক রিবেরিকে। কাকতালভাবে এই তিনজনই এই মুহূর্তে চোট সমস্যায় ভুগছেন। শুরুটা হয়েছিল মেসিকে দিয়ে। এরপর জাতীয় দল ফ্রান্সের হয়ে খেলার সময় চোট পান রিবেরি। গত রাতে মেসি-রিবেরির সঙ্গে যোগ দিলেন রোনালদোও। সূত্র: গোল ডটকম।
রোনালদোর চোট অবশ্য গুরুতর কিছু নয় বলেই প্রাথমিকভাবে জানা গেছে। ক্রিকেট, ফুটবল, টেনিস, গলফসহ যেকোনো খেলার আপডেট ও খবর পেতে আপনার মোবাইল থেকে S লিখে এসএমএস করুন ২২২১ নম্বরে।