এবার চোট-শঙ্কায় লুকাকু

তারকাদের চোট-শঙ্কায় তটস্থ হয়ে আছে পুরো ফুটবল দুনিয়া। ইতিমধ্যেই বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে রাদামেল ফ্যালকাও, ফ্রাঙ্ক রিবেরি, মার্কো রিউসের মতো তারকাদের। সংশয় কাটেনি ক্রিস্টিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজদের নিয়েও। ইনজুরি সমস্যার এই দীর্ঘ তালিকায় গতকাল যোগ হয়েছে রোমেলু লুকাকুর নাম। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নেমেও চোট পেয়ে মাঠ ছেড়েছেন বেলজিয়ামের তারকা স্ট্রাইকার।
তিউনিসিয়ার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে বেলজিয়াম। এর আগের ম্যাচে সুইডেনকেও হারিয়েছে ২-০ গোলে। কিন্তু প্রস্তুতি ম্যাচগুলোতে ভালো পারফরম্যন্স দেখানোর আনন্দ কিছুটা ফিকেই হয়ে গেছে লুকাকুর ইনজুরির আশঙ্কায়।
|দলের অন্যতম সেরা স্ট্রাইকারকে গতকাল শুরুতেই মাঠে নামাননি বেলজিয়ামের কোচ মার্ক উইলমোট। শেষ আধা ঘণ্টাই শুধু খেলেছিলেন লুকাকু। তার পরও তাঁকে মাঠ ছাড়তে হয়েছে চোট নিয়ে। তবে এটা খুব বেশি গুরুতর না বলেই মত দিয়েছেন কোচ উইলমোট, ‘রোমেলু কিছুটা আলাদাভাবে হাঁটছিল। আমার মনে হয় তিন বা চার দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আমরা আগামীকাল কিছু পরীক্ষা-নিরীক্ষাও করব।’
১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বেলজিয়ামের বিশ্বকাপ মিশন। ‘এইচ’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ রাশিয়া ও দক্ষিণ কোরিয়া। রয়টার্স