এবার জিতল জাতীয় দল
প্রথম প্রস্তুতি ম্যাচে হার। পরেরটি হলো ড্র। কাল তৃতীয় ম্যাচে আফ্রিকান একাদশের বিপক্ষে ২-০ গোলে জিতল জাতীয় ফুটবল দল। মালয়েশিয়ায় অনুশীলন ম্যাচ খেলতে আজ রওনা হওয়ার আগে আত্মবিশ্বাসই সঙ্গী হচ্ছে জাতীয় দলের।বঙ্গবন্ধু স্টেডিয়ামে কালকের ম্যাচের দুই অর্ধে জাতীয় দলের জার্সিতে দেখা গেছে প্রায় ভিন্ন দুটি দল। প্রথমার্ধে খেলা একাদশের সাতজনই ছিলেন না দ্বিতীয়ার্ধে। কোচ নিকোলা ইলিয়েভস্কির উদ্দেশ্যটা পরিষ্কার—স্কোয়াডের ২৪ জনকে ঘুরিয়ে-ফিরিয়ে নেওয়া। তা, কেমন দেখলেন কোচ? ম্যাচ শেষে ইলিয়েভস্কি বললেন, ‘ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। ভালোই খেলেছে ওরা। আমার মনে হয়, স্বাভাবিক খেলাটা ফিরে পেয়েছে দলটি। মূল লড়াইয়ে নামার আগে আগামী ১০ দিন মনোযোগ থাকবে দলের ফর্মেশনে।’ইলিয়েভস্কি মুখে যেমন বললেন, খেলাতেই তো তার ছাপ পাওয়া গেছে। ‘গোল করবে কে?’—এই দুশ্চিন্তা নিয়ে প্রস্তুতি শুরু করেছিলেন, কোচ এখন দলের মধ্যে গোল করা লোক অন্তত খুঁজে পাচ্ছেন। খেলার ২ মিনিটেই শাকিল দর্শনীয় হেডে জাতীয় দলকে দেন এগিয়ে। ৪৩ মিনিটে শাহেদের মোক্ষম এক টোকায় ব্যবধান হয় ২-০। প্রাণতোষ ও এমিলি দু-দুটি সহজ সুযোগ নষ্ট না করলে গোল আরও বেশিই হতে পারত। মিঠুন চৌধুরীও স্ট্রাইকিং সমস্যা ঘোচানোর একটা বিকল্প হতে পারেন। কালই প্রথম অনুশীলন ম্যাচে নেমে ইলিয়েভস্কির আস্থা অর্জন করলেন মিঠুন। ইলিয়েভস্কি বললেন, ‘মিঠুনকে নিয়ে সমস্যা নেই।’এক ম্যাচ থেকে আরেক ম্যাচে উন্নতির লক্ষণটা ফুটিয়ে তুলেছে জাতীয় দল। তৃতীয় ম্যাচে খেলল সবচেয়ে ভালো। কামাল বাবু এ ম্যাচে আফ্রিকান একাদশের কোচ ছিলেন না। দলের ম্যানেজার মিপো ডাগ-আউটে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছিলেন। দর্শক হিসেবে কামাল বাবু বললেন, ‘জাতীয় দল ভালো খেলেছে। তবে আফ্রিকান দলটির বেশির ভাগ খেলোয়াড়কে আমি আগে পাইনি।’