এবার জিতল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্যাচ দুটি যখন ফসকে গেল, ভাবলাম ম্যাচটাও বুঝি...’—বলার সময় হাসতে পারছিলেন মাহেলা জয়াবর্ধনে, কারণ ম্যাচটা ফসকে যায়নি। খুব সহজ দুটি ক্যাচ, দুবারই ব্যাটসম্যান ডেভিড হাসি। থার্ডম্যানে ছেড়েছেন মালিঙ্গা, শর্ট কভারে ম্যাথুস। এটিকে বলতে হবে ব্যতিক্রম। নইলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে প্রায় নিখুঁত পারফরম্যান্সে শ্রীলঙ্কা কাল উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিতেছে বোনাস পয়েন্টসহ। পূর্ণতা দিয়েছে যেন উন্নতির ধারাটাকেও। প্রথম দুই ম্যাচে জিততে জিততে হার, পরের ম্যাচে টাই, কাল বড় এক জয়! ৪ ম্যাচে এখন ৭ পয়েন্ট শ্রীলঙ্কার, অস্ট্রেলিয়ার ৯। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। বাজেভাবে হেরে রিকি পন্টিংয়ের অধিনায়কত্বে ফেরাটা হলো বিষাদময়। পন্টিংয়ের হঠাৎ পাওয়া অধিনায়কত্ব তার পরও দীর্ঘায়িত হতে পারে আরও এক ম্যাচ। কাল ব্রিসবেনে ভারতের বিপক্ষে ম্যাচেও মাইকেল ক্লার্কের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।শুধু জয় নয়, শ্রীলঙ্কার প্রাপ্তি আছে আরও। ফেরার পর অধিনায়কত্ব দারুণ প্রশংসিত হলেও রান পাচ্ছিলেন না জয়াবর্ধনে। কাল ওপেনিংয়ে নেমে অপরাজিত ফিফটি করে দলকে জিতিয়ে ফিরলেন। ৩০ রানের ইনিংসের পথে তৃতীয় শ্রীলঙ্কান ও সব মিলিয়ে দশম ব্যাটসম্যান হিসেবে সাঙ্গাকারা ছুঁয়েছেন ১০ হাজার ওয়ানডে রান। তবে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে তৃতীয়বার চল্লিশের ঘরে আউট হয়েছেন দিলশান।অস্ট্রেলিয়া হেরে গেছে আসলে ব্যাটিংয়ের সময়ই। সিডনির বদলে যাওয়া উইকেট ও মেঘলা আকাশ দেখে শ্রীলঙ্কা নেমেছিল চার স্পেশালিস্ট ও অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসসহ পাঁচ পেসার নিয়ে। এর ইতিবাচক ফলও পায় তারা, শুরু থেকেই উইকেট পেতে থাকে নিয়মিত বিরতিতে। ২৬ ওভারে রান যখন ৬ উইকেটে ৮৮, বৃষ্টিতে খেলা বন্ধ থাকে প্রায় দুই ঘণ্টা। ম্যাচ নেমে আসে ৪১ ওভারে। প্রায় এক হাতে অস্ট্রেলিয়াকে দেড় শ পার করান দারুণ ফর্মে থাকা ডেভিড হাসি। টুর্নামেন্টের ৪ ইনিংসে তুলে নেন তৃতীয় ফিফটি। জয়াবর্ধনে-দিলশানের ৭০ বলে ৭২ রানের উদ্বোধনী জুটিতেই জয় অনেকটা নিশ্চিত করে ফেলে শ্রীলঙ্কা। ‘চার’ উইকেট নিয়ে ম্যাচসেরা অবশ্য থিসারা পেরেরা। বোলিং ফিগার বলবে তাঁর উইকেট দুটি। কিন্তু অসাধারণ ফিল্ডিংয়ে দারুণ দুটি রানআউটও যে করেছেন! ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া: ৪০.৫ ওভারে ১৫৮ (ওয়ার্নার ১৩, ওয়েড ১৫, পন্টিং ২, ফরেস্ট ১৬, মাইক হাসি ১৬, ডেভিড হাসি ৫৮, ক্রিস্টিয়ান ৬, ম্যাকাই ৩, লি ০, স্টার্ক ১৭, ডোহার্টি ২*; মাহারুফ ২/১৮, পেরেরা ২/২৯, হেরাথ ১/১২, ম্যাথুস ১/২৬, মালিঙ্গা ১/৪২)। শ্রীলঙ্কা: ২৪.১ ওভারে ১৫২/২ (জয়াবর্ধনে ৬১*, দিলশান ৪৫, সাঙ্গাকারা ৩০, চান্ডিমাল ৬*; ম্যাকাই ১/২৩, লি ১/৪২)। ফল: ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: থিসারা পেরেরা।