এবার জিতলেন মারে
ফাইনালে রজার ফেদেরার মানেই অবধারিত হার। এটি যেন অ্যান্ডি মারের নিয়তিই হয়ে ছিল এত দিন। ২০০৫ সালে ব্যাংককে এটিপি টুর্নামেন্টের ফাইনালের পর তাঁর ও শিরোপার মধ্যে ফেদেরার দেয়াল তুলে দাঁড়িয়েছিলেন ২০০৮ ইউএস ওপেন এবং এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে। ফাইনালে সেই ‘ফেদেরার-গেরো’ খুললেন টরন্টো মাস্টার্স সিরিজে। ২৩ বছর বয়সী এই ব্রিটিশ তারকা পরশু টুর্নামেন্টের ফাইনালে ৭-৫, ৭-৫ গেমে হারালেন রজার ফেদেরারকে। মারের এই সাফল্যের দিনে হাতে ট্রফি তুলেছেন কিম ক্লাইস্টার্স। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে সিনসিনাটি ওপেনের ফাইনালে ‘টেনিস মম’ ২-৬, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারিয়েছেন রুশ নন্দিনী মারিয়া শারাপোভাকে।এবারের টরন্টো মাস্টার্স মারের ১৫তম এটিপি শিরোপা। তবে আর দশটি শিরোপার চেয়ে তাঁর কাছে এটির মাহাত্ম্য একটু বেশি কয়েকটি কারণে। প্রথমত, মৌসুমে এটি তাঁর প্রথম শিরোপা। দুই, শিরোপা জয়ের পথে তিনি টানা দুই ম্যাচে হারিয়েছেন শীর্ষ দুই তারকা রাফায়েল নাদাল ও রজার ফেদেরারকে। একই টুর্নামেন্টে এই দুজনকে হারানোর কৃতিত্ব আছে মাত্র চারজনের। তৃতীয়, ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসির পর তিনিই প্রথম প্রতিযোগী হিসেবে টানা দুবার টরন্টো মাস্টার্স জিতলেন।এই জয় তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, মারে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘টুর্নামেন্ট জেতাটা সব সময়ই বড় ব্যাপার। কিন্তু এই প্রথম আমি একই টুর্নামেন্টে হারিয়েছি রজার ও রাফাকে যে ব্যাপারটা সম্ভবত সবচেয়ে বেশি আনন্দদায়ী।’এই টুর্নামেন্টেই সার্বিয়ার নোভাক জোকোভিচকে হারিয়ে র্যাঙ্কিংয়ের তিন থেকে দুইয়ে উঠে আসাটা নিশ্চিত করেছিলেন রজার ফেদেরার। ফাইনালে হারের পরও দুইয়েই থাকছেন তিনি।সিনসিনাটি ওপেনে প্রথম সেট জেতা শারাপোভা দ্বিতীয়টিতেও জয়ের পথে এগিয়ে গিয়েছিলেন অনেকটাই। কিন্তু সেটটি যখন ৫-৩ অবস্থায়, তখনই নামে বৃষ্টি। বিরতির পর আবার শুরু ম্যাচে দর্শকেরা দেখল অন্য ক্লাইস্টার্সকে। জয় থেকে মাত্র ২ পয়েন্ট দূরে থাকা শারাপোভার কাছ থেকে দ্বিতীয় সেটটি ‘ছিনিয়ে’ নিলেন ক্লাইস্টার্স, পরে ম্যাচও। গত বছর টেনিসে প্রত্যাবর্তনের পর এটি বেলজিয়ান তারকার চতুর্থ শিরোপা। এএফপি।