এবার জিতলেন রোহিত
আগের ম্যাচে সেঞ্চুরি করেও পরাজয় দেখতে হয়েছিল সতীর্থদের ব্যর্থতায়। কাল সেঞ্চুরি করে রোহিত শর্মা ফিরেছেন দলকে জিতিয়েই। শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে আগের ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারা ভারত, অধিনায়ক হিসেবে সুরেশ রায়না পেয়েছেন প্রথম জয়। আর ওয়ানডে অধিনায়কত্বের অভিষেকে তিলকরত্নে দিলশানকে মেনে নিতে হলো পরাজয়।দল না জিতলেও অবশ্য রান পেয়েছেন দিলশান। কিছুদিন আগেও ব্যাট হাতে অপ্রতিরোধ্য দিলশান হঠাৎ করেই যেন রান করতে ভুলে গিয়েছিলেন। আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন নিজের ছায়া হয়ে। কাল রান পেয়েছেন, কিন্তু সেই বিস্ফোরক ব্যাটিংটা ছিল না, ৬১ করেছেন ৮৪ বলে। ক্যারিয়ারের প্রথম চারে নেমে নিজের ও ইনিংসের সর্বোচ্চ ৭৫ করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ইনিংসের দুটি ফিফটি জুটিতেও ছিলেন এই অলরাউন্ডার, দিলশানের সঙ্গে করেছেন ৫৮ আর কাপুগেদারার সঙ্গে ৫৩। থিসারা পেরেরা (২৩ বলে ৩২) ও কুলাসেকারার (১৪ বলে ১৯) দুটি ‘ক্যামিও’তে শেষ ১০ ওভারে ৮২ রান তোলে শ্রীলঙ্কা।৫৭ রানেই দুই ওপেনারকে হারিয়েছিল ভারত। আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়া বিরাট কোহলিকে নিয়ে ১৫৭ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান রোহিত। কোহলির ৮২ এসেছে বলে ৯২ বলে। আর ম্যাচসেরা রোহিতের প্রথম ফিফটি এসেছে ৬০ বলে, পরেরটি ৪০ বলে। ওয়েবসাইট।