এবার জিতিয়েই দিলেন ইতো
সপ্তাহ তিনেক হলো যোগ দিয়েছেন। এরই মধ্যে দাগেস্তানকে আপন করে নিয়েছেন স্যামুয়েল ইতো। রাশিয়ার সবচেয়ে ‘ভয়ংকর’ রাজ্যটিতে চলছে ইতোর জয়গান। তারকাখ্যাতির সঙ্গে অপরিচিতি দাগেস্তান আর নতুন ঠিকানা আনঝি মাখাচকালাকে ইতো দ্রুতই চেনা শিবির বানিয়েছেন পায়ের জাদু দিয়েই। গত ২৭ আগস্ট রোস্তভের বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল করে আনঝি মাখাচকালাকে জয়ের সমান এক ড্র এনে দিয়েছিলেন। এবার তো ভাসালেন জয়ের আনন্দেই।পরশু আনঝির হয়ে দ্বিতীয় ম্যাচ খেললেন ইতো। ভোলগা নিজনির বিপক্ষে পিছিয়ে পড়া দলকে ২-১ গোলে জেতাতে গোলও করেছেন। দুই ম্যাচে দুই গোল। গত মাসে আনঝিতে যোগ দিয়ে ইতো হয়ে গেছেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড়। মেসি-রোনালদোরা যেখানে বছরে বেতন পান ২ কোটি ডলার, সেখানে ইতোর বার্ষিক বেতন ২ কোটি ৫ লাখ ইউরো! টানা দুই ম্যাচেই গোল—মাখাচকালার নতুন মালিক ধনকুবের সুলেমান কেরিমভের বিনিয়োগ যেন শুরু থেকেই কথা বলতে শুরু করেছে। চারবারের আফ্রিকান বর্ষসেরা এবং তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতা ইতো যেন ইঙ্গিতে ইন্টার মিলানকেও বুঝিয়ে দিচ্ছেন, ‘৩০ বছর বয়সেই আমি ফুরিয়ে যাইনি।’দাগেস্তানের রাজধানী মাখাচকালার বিমানবন্দর থেকে ইতোকে ডায়নামো স্টেডিয়ামে যেতে হয় ২০ কিলোমিটার ধূলিময় রাস্তা পেরিয়ে। তবে কষ্টকর যাত্রাটা ইতোর জন্য রোমাঞ্চকরই ছিল। অপরিচিত রাস্তার পাশে বিশাল বিশাল বিলবোর্ডে তাঁরই ছবি তাঁকে জানাচ্ছিল ‘শহরে তোমাকে স্বাগতম!’ এএফপি, রয়টার্স।