এবার জোকোভিচও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রিদ ওপেনের নীল কোর্ট নিয়ে তাঁরা দুজনই ছিলেন সবচেয়ে সোচ্চার। রাফায়েল নাদাল বিদায় নেওয়ার পরদিনই হেরে গেলেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। শীর্ষ দুই তারকা বিদায় নিয়েই যেন প্রমাণ করলেন, মাদ্রিদ ওপেনের নীল কোর্টে আসলেই ঝামেলা আছে। নাদাল বিদায় নিয়ে ঘোষণা দিয়েছিলেন, অবস্থার পরিবর্তন না হলে নিজের ঘরের কোর্টের এই টুর্নামেন্টে আর খেলবেন না। এবার জোকোভিচও ঘোষণা করলেন যুদ্ধ। শুধু তা-ই নয়, র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা এটিপির সাবেক প্রধানের বিরুদ্ধে ছুড়লেন অভিযোগের তিরও। কোয়ার্টার ফাইনালে স্বদেশি ইয়াঙ্কো টিপসারেভিচের কাছে ৭-৬ (৭/২), ৬-৩ গেমে হেরে জোকোভিচ বলেছেন, ‘এ সপ্তাহটা যত দ্রুত সম্ভব ভুলে গিয়ে আসল মাটির কোর্টে ফিরে যেতে চাই। তারা যা খুশি করতে পারে। কিন্তু মাটির কোর্টটা এ রকম থাকলে আমি আর এখানে ফিরব না।’জোকোভিচের অভিযোগ, এটিপির সাবেক প্রধান নির্বাহী অ্যাডাম হেলফ্যান্ট জেনেবুঝে এমনটা করেছেন। পরোক্ষে তাঁর বিরুদ্ধে আনলেন দুর্নীতির অভিযোগও, ‘বর্তমান প্রেসিডেন্টকে আমি দোষ দেব না। কারণ তিনি মাত্র গত জানুয়ারিতে দায়িত্বে এসেছেন। এটা আসলে আগের প্রেসিডেন্টের দোষ। তিনি বুঝতে পেরেছিলেন তাঁর চুক্তি নবায়ন করা হবে না। তখন তিনি একাই এই সিদ্ধান্ত নিয়েছেন। লোকচক্ষুর আড়ালে কিছু একটা অবশ্যই হয়েছে। হেলফ্যান্ট টেনিসের ভালোমন্দ বা খেলোয়াড়েরা কে কী বলল না বলল তার পরোয়া করতেন না। তিনি শুধু তাঁর নিজের স্বার্থটাই দেখতেন।’মজার ব্যাপার হলো, এমনিতে ক্লে-কোর্টে তুলনামূলকভাবে পারফরম্যান্স খারাপ হলেও এই মাটির কোর্টে দারুণ মানিয়ে নিয়েছেন রজার ফেদেরার। ডেভিড ফেরারকে ৬-৪, ৬-৪ গেমে অনায়াসে হারিয়ে উঠে গেছেন সেমিফাইনালে। ওদিকে মেয়েদের কোর্টে বড় ম্যাচটা জিতেছেন সেরেনা উইলিয়ামস। মারিয়া শারাপোভাকে ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন। শারাপোভার বিপক্ষে এ নিয়ে টানা সাতটি ম্যাচ জেতার পর সেরেনা বলছেন, এই ক্লে-কোর্ট নিয়ে জোকোভিচ-নাদালদেরমতো তিনি অন্তত বয়কটের সিদ্ধান্ত নিচ্ছেন না। সেরেনা অবশ্য বলেছেন, আসল মাটির কোর্টের তুলনায় এটি বেশি শক্ত ও পিচ্ছিল।এদিকে নাদাল-জোকোভিচের এমন হুমকির পর সুর নরম করেছেন আয়োজকেরা। মাদ্রিদ ওপেনে নীল কোর্ট যাঁর মস্তিষ্কপ্রসূত, সেই আয়ন টাইরিয়াক পরশু ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন, ‘এই কোর্টটা আসলে পিচ্ছিল। আমি এর জন্য ক্ষমা চাই।’ অবশ্য এর জন্য নীল রং দায়ী নয় বলেও মন্তব্য করেছেন তিনি। এএফপি, রয়টার্স।