এবার জয়া-সাঙ্গাকে বোর্ডের তোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ জয়ের উৎসবের মধ্যেও ক্রিকেট বোর্ডের ওপর ঝাল ঝেড়েছেন জয়াবর্ধনে-সাঙ্গাকারা। ছেড়ে কথা বলেনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও (এসএলসি)। টি-টোয়েন্টি থেকে দুজনের অবসর ঘোষণা নিয়ে সাম্প্রতিক বিতর্ক তাই রূপ নিয়েছে কথার লড়াইয়ে।
বোর্ডকে না জানিয়ে সংবাদমাধ্যমের কাছে অবসরের ঘোষণা দিয়েছেন—এমন কারণ দেখিয়ে জয়াবর্ধনে-সাঙ্গাকারাকে নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছিলেন এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা। পরে তাঁর সঙ্গে সুর মিলিয়েছেন প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়াও। বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে অবশ্য এ জন্য উল্টো ক্ষোভ প্রকাশ করেছেন জয়াবর্ধনে। তাঁর দাবি, তিনি সংবাদমাধ্যমের কাছে অবসরের ঘোষণা দেননি। স্থানীয় একটি কাগজে নাকি শুধু বলেছিলেন, বিশ্বকাপেই হয়তো শেষ টি-টোয়েন্টি ম্যাচটা খেলবেন। সংবাদমাধ্যম সেটাকেই অবসরের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে লিখেছে। আর এটিকে ভিত্তি করেই নাকি ক্রিকেট বোর্ড অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছে দুজনকে।
তবে কাল এক বিবৃতিতে এসএলসি দাবি করেছে, অ্যাশলি ডি সিলভা কিংবা জয়াসুরিয়ার মন্তব্যে এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে কোনো বিষোদ্গার ছিল না। আর বোর্ডের সচিব নিশান্থা রানাতুঙ্গা নাকি এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি। বিবৃতিতে বলা হয়, ‘এসএলসির প্রধান নির্বাহী সংবাদমাধ্যমে বলেছিলেন, তিনি দুজনের অবসরের বিষয়ে নিশ্চিত করে কিছু জানেন না। কারণ, তাঁরা দুজন বোর্ডকে এ ব্যাপারে কিছু বলেননি। জয়াসুরিয়া যেটা বলেছেন, সেটাও প্রধান নির্বাচকের দৃষ্টিকোণ থেকে তাঁর ব্যক্তিগত মতামত।’ তার পরও পুরো ব্যাপারটি নিয়ে জল ঘোলা করায় দুই ক্রিকেটারের ওপর অসন্তুষ্ট এলএসসি, ‘তাদের এই ধরনের বিবৃতি এই প্রতিষ্ঠান এবং এর কর্মকর্তাদের ভাবমূর্তি নষ্ট করছে। অনুমানের ওপর ভিত্তি করে জাতীয় দলের একজন ক্রিকেটারের এভাবে বোর্ডের সচিব কিংবা প্রধান নির্বাহীকে নিয়ে কথা বলাটা দুঃখজনক।’
দেখা যাক, এবার কী জবাব দেন জয়াবর্ধনে-সাঙ্গাকারা! ওয়েবসাইট।