এবার জয়ের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান ঈদ করবেন মাগুরায়। এমন নয় যে ঈদে এবারই প্রথম নিজের শহরে। তবে এবার তাঁর আগমনে যোগ হয়েছে নতুন মাত্রা। প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে ঈদ করছেন মাগুরায়। আর ঢাকা থেকে মাগুরা গেছেন হেলিকপ্টারে উড়ে। কাল বেলা সোয়া ১১টার দিকে সাকিব দম্পতিকে বহনকারী উড়োযান জেলা স্টেডিয়ামে এসে পৌঁছালে আত্মীয়স্বজনেরা তাঁদের স্বাগত জানান  কবির হোসেন, মাগুরা
সাকিব আল হাসান ঈদ করবেন মাগুরায়। এমন নয় যে ঈদে এবারই প্রথম নিজের শহরে। তবে এবার তাঁর আগমনে যোগ হয়েছে নতুন মাত্রা। প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে ঈদ করছেন মাগুরায়। আর ঢাকা থেকে মাগুরা গেছেন হেলিকপ্টারে উড়ে। কাল বেলা সোয়া ১১টার দিকে সাকিব দম্পতিকে বহনকারী উড়োযান জেলা স্টেডিয়ামে এসে পৌঁছালে আত্মীয়স্বজনেরা তাঁদের স্বাগত জানান কবির হোসেন, মাগুরা

চট্টগ্রাম থেকে পরশু রাতে ঢাকায় ফিরে নাসির হোসেন রংপুরে গেলেন কাল। তাঁর জন্য অপেক্ষায় গোটা পরিবার। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ড্র করে ফিরছেন বলে তো অবশ্যই। তবে মূল কারণ, নাসির বাড়িতে পৌঁছানোর পরই কেনা হবে ঈদের গরু।

ঈদুল আজহায় গরু খাওয়ার চেয়ে কখনো কখনো গরু কেনায় মজা বেশি। সেই মজাটা উপভোগ করেন নাসিরও। তবে এবারের ঈদে মজাটজা যতই করেন, একটা চিন্তা কখনোই মাথা থেকে ঝেড়ে ফেলা যাবে না। আর এই চিন্তাটা দলের ভেতর থেকেই ঢুকিয়ে দেওয়া হয়েছে নাসিরসহ সবার মাথায়। ‘ঈদে মজা করো, যা ইচ্ছা তা-ই করো, কিন্তু বাবা মাথায় রেখো ২১ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট।’

হ্যাঁ, ঈদের ছুটির মধ্যেও বাংলাদেশ দলের প্রতিটি খেলোয়াড়ের মাথায় এখন দ্বিতীয় টেস্টের চিন্তা। আরও নির্দিষ্ট করে বললে দ্বিতীয় টেস্ট জেতার সংকল্প। কাল রংপুরে যাওয়ার পথে টেলিফোনে নাসির যেমন বলছিলেন, ‘দলের সবার মানসিক অবস্থা এখন খুবই ভালো। ঈদের মধ্যেও পরের টেস্টের চিন্তা মাথায় রাখতে হবে। ড্র নয়, আমরা চাই টেস্টটা জিততে।’

ঈদ করতে আবদুর রাজ্জাক আর রুবেল হোসেন কাল একসঙ্গে বাগেরহাটে যাচ্ছিলেন। যাত্রাপথে খেলাটেলা নিয়ে দুজনের গল্প হয়েছে কি না কে জানে, তবে এই প্রতিবেদকের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় দ্বিতীয় টেস্টে জয়ের কথাই বেরিয়ে এল দুজনের মুখ থেকে। ‘পরের টেস্টটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ, এই টেস্টটা আমরা জেতার চিন্তা করছি’—কথাটা বলেই রুবেল ফোন দিলেন রাজ্জাকের হাতে। দলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় বলেই কিনা শুধু ‘জিততে হবে’ বললেন না রাজ্জাক। ভাবছেন রণকৌশল নিয়েও, ‘আশা তো করি জিতব। কিন্তু এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। উইকেট কেমন হয় দেখতে হবে। আমরা বিদেশে গেলে তো প্রতিপক্ষ তাদের সুবিধা বুঝেই উইকেট বানায়...।’ বাকিটা আর না বললেও চলছে। রাজ্জাকের ইঙ্গিত বুঝে নিতে সমস্যা হওয়ার কথা নয় কারোই।

ঈদ করতে সাকিব আল হাসান কাল সস্ত্রীক মাগুরায় গেছেন হেলিকপ্টারে। সড়কপথে পাঁচ-সাড়ে পাঁচ ঘণ্টার পথ, যানজটে পড়লে ৮-১০ ঘণ্টাও লেগে যেতে পারে। সাকিব তাই হেলিকপ্টারে উড়ে যাওয়াটাই পছন্দ করলেন। মাগুরা থেকে টেলিফোনে সাকিব বলছিলেন, ‘মাত্র আধঘণ্টার মধ্যে বাসায় পৌঁছে গেছি।’ এমনিতে তাঁর মাগুরা সফর মাগুরাবাসীর জন্য বড় কোনো খবর না হলেও হেলিকপ্টারে করে যাওয়াটা সাড়া ফেলার মতো ব্যাপারই। এ নিয়ে শহরজুড়ে ভালোই তোলপাড়। গণ্যমান্য ব্যক্তিরা নাকি ফুলটুল নিয়ে হাজির ‘হেলিপ্যাডের’ কাছে।

চট্টগ্রাম টেস্ট সোহাগ-মমিনুলের আলোয় আলোকিত হলেও ফুলের মালা সাকিব পেতেই পারেন। ব্রেসওয়েলের ক্যাচটা ঝাঁপিয়ে পড়ে অমন দুরন্ত ক্ষিপ্রতায় না নিলে যে সোহাগের হ্যাটট্রিক হতো না! স্লিপে দাঁড়ানো নাসিরেরই ক্যাচটা নেওয়ার কথা। কিন্তু বল উঁচুতে উঠে যাওয়ার পরও নাসির নড়ছেন না দেখে তাৎক্ষণিক ঝাঁপিয়ে পড়েন সাকিব। টেস্টটা ড্র করলেও নিজেদের ছাড়িয়ে যাওয়ার এমন ছোট ছোট জায়গাগুলোতে জয় বাংলাদেশেরই।

এই ‘জয়ের’ আরেক সাক্ষী মার্শাল আইয়ুব। দলীয় সাফল্যের দিক দিয়ে অভিষেক টেস্টটা হলো স্বপ্নের মতো। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে তৃপ্ত তো ননই, একটু যেন পুড়ছেনই ভেতরে ভেতরে, ‘আমার আরও ভালো করা উচিত ছিল। আসলে প্রথম ইনিংসে মনে হচ্ছিল আমি অনেক বেশি বল খেলেও রান করছি না। সে জন্য অপরাধবোধে ভুগেই তাড়াহুড়ো করতে গেলাম। রানের জন্য ছটফট শুরু হয়ে গেল। অথচ আমি এ রকম খেলি না। ওটা আমার স্বভাববিরুদ্ধ খেলা।’ তিন নম্বরে ব্যাটিং খুব একটা করেন না মার্শাল। তবে টেস্ট অভিষেকে তিন নম্বরে ব্যাটিংটাকে নিয়েছিলেন চ্যালেঞ্জ হিসেবে, ‘প্রথম দিকে নার্ভাস ছিলাম। পরে ঠিক হয়ে গেছে। আমার প্রথম টার্গেট ছিল উইকেটে টিকে থাকা। সেটা তো পেরেছি। অনেক বল খেলেছি।’ নাসির-রাজ্জাকদের মতো দ্বিতীয় টেস্টে আরও ভালো কিছুর স্বপ্ন দেখেন মার্শালও।

এই স্বপ্ন দেখা আসলে এখন ‘টিম রুলসের’ই অংশ। বাংলাদেশ দলে এখন একটাই স্লোগান—‘জিততে হবে দ্বিতীয় টেস্ট’। দলের কম্পিউটার অ্যানালিস্ট ও জাতীয় দলের সাবেক উইকেটকিপার নাসির আহমেদ আরও গুছিয়ে বললেন ব্যাপারটা, ‘বাংলাওয়াশ বলেন আর হোয়াইটওয়াশ, ওই সাফল্যের কারণেই এবারের সিরিজটা আমরা অনেক বেশি সিরিয়াসলি নিয়েছি। ছেলেদের বিশ্বাস আছে নিউজিল্যান্ডকে টেস্টেও হারানো সম্ভব। চট্টগ্রাম টেস্ট যে ড্র হয়েছে, এতে অবাক হওয়ার কিছু নেই। আমরা চাই সিরিজটা জিততে।’