এবার টেনিসেরও ‘আইপিএল’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনার ডিম পাড়া হাঁসটাকে চিনে নিয়েছে সবাই। আইপিএলের আদলে ক্রিকেট-বিশ্বে একই রকম টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। শুধু ক্রিকেটে? আইপিএলের আছরে ভারতে হকিতে শুরু হয়েছে এইচআইএল। শিগগিরই এমন কিছু একটা টেনিসে শুরু হলেও অবাক হবেন না। সেই প্রস্তুতি জোরেশোরেই চলছে। শুরুর পরিকল্পনা হচ্ছে আইটিপিএলের (ইন্টারন্যাশনাল টেনিস প্রিমিয়ার লিগ)। ভারতীয় টেনিস তারকা মহেশ ভূপতি নিয়েছেন এই উদ্যোগ। ভারতীয় বলেই আইপিএলের খুঁটিনাটি তিনি ভালোই বোঝেন। টেনিসে এমনিতে ব্যস্ত সূচি। তবে সেপ্টেম্বরে শেষ হয়ে যায় চার গ্র্যান্ড স্লামের চতুর্থটি। এর পর থাকে শুধু একটাই বড় টুর্নামেন্ট—ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস। এই সময়টাই কাজে লাগাতে চাইছেন ভূপতি। তাঁর গ্লোবোস্পোর্ট নামের প্রতিষ্ঠানটি নভেম্বর-ডিসেম্বর আইটিপিএলের আয়োজন করতে চাইছে। যে টুর্নামেন্টে খেলার জন্য সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, নোভাক জোকোভিচ, রাফায়েল নাদালদের প্রস্তাব দেওয়া হচ্ছে। রজার ফেদেরার অবশ্য এই বছর খেলতে পারবেন না সেটা নিশ্চিত হয়ে গেছে। তাঁর পূর্বনির্ধারিত দক্ষিণ আমেরিকা সফর আছে। তবে এবারের আসরটি সফল হলে আগামী বছর থেকে আইটিপিএলে হয়তো দেখা যাবে তাঁকেও। এখনো টুর্নামেন্টের ফরম্যাট, দলগুলো কীভাবে গঠিত হবে—এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এটাও ভারতের প্রধান শহরগুলোর প্রতিনিধিত্বকারী ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হবে। দলগুলোর বাজেট হওয়ার কথা সর্বোচ্চ ১ কোটি ডলার করে। টুর্নামেন্টটি হবে ৫০ লাখ ডলারের প্রাইজমানির। ওয়েবসাইট।