এবার ডকরেল পরীক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম নজর কেড়েছিলেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাছাইপর্বে দারুণ বোলিং, মূল পর্বেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট। পরের ম্যাচেও ঝামেলায় ফেললেন ইংলিশ ব্যাটসম্যানদের। ভালো একজন বাঁহাতি স্পিনার পেয়ে আইরিশরা উচ্ছ্বসিত।টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে, পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে জর্জ ডকরেল নেই!ঘটনা কী? ঘটনা হলো, এই ১৮ বছর বয়সীর স্কুলে পরীক্ষা ছিল। ক্রিকেট মাঠের বদলে ডকরেল তখন পরীক্ষার হলে, উত্তর লিখছেন—বৈশ্বিক উষ্ণতার কারণ ও এর প্রতিকার!সেই ডকরেল কাল পরীক্ষা নিলেন। পরীক্ষা নিলেন বাংলাদেশি ব্যাটসম্যানদের। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা সব বাঁহাতি স্পিনাররা যে দলে, অনুশীলনে যে বাঁহাতি স্পিনারদের হররোজ খেলে খেলে অভ্যস্ত; সেই ব্যাটসম্যানদেরই পরীক্ষা নিলেন। ১০ ওভার, ২ মেডেন, ২৩ রান দিয়ে ২ উইকেট। বিশ্বকাপের প্রথম ম্যাচের স্নায়ুচাপ নিয়ে যে বোলিংটা করলেন, তাতে আয়ারল্যান্ড তো বটেই, খুশি হবে সমারসেটও। গত বছর তাঁকে দলে নিয়ে ভুল করেনি কাউন্টি দলটি!প্রথম আক্রমণে এসেছিলেন ১৮তম ওভারে। বাংলাদেশ ততক্ষণে ৮৬ রানে হারিয়ে ফেলেছে ৪ উইকেট। শুরুই করলেন মেডেন দিয়ে। প্রথম স্পেলে বল করে গেলেন টানা ৫ ওভার। উইকেট মেলেনি। কিন্তু ওই পাঁচ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ফাঁসটা আরও আঁটসাঁট করলেন। দ্বিতীয় স্পেলে এলেন ৩২তম ওভারে। ততক্ষণে বেশ জমে উঠেছে মুশফিকুর-রকিবুলের জুটি। দ্বিতীয় স্পেলের দ্বিতীয় ওভারেই ফেরালেন মুশফিকুরকে। নিজের পরের ওভারেই আশরাফুল! দুটি উইকেটই দুই ব্যাটসম্যান তাঁকে উপহার দিয়েছে কি না, এ নিয়ে বাংলাদেশি সমর্থকেরা তর্ক করতে পারে। ডকরেলের বয়েই গেছে তা নিয়ে মাথা ঘামাতে!