এবার ডেনমার্কের ‘মিশন’ পর্তুগাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্তুগালের গোলখরার রহস্য অবশেষে উন্মোচিত হয়েছে, কারণ নাকি ‘বলের অসহযোগিতা’! মিগুয়েল ভেলোসো, নানিরা বলছেন, বলটা জালের ভেতরে ঢুকতে চাচ্ছে না বলেই তাদের ভাগ্যে শিকে ছিঁড়ছে না। কথাগুলো স্রেফ মজা করার জন্যই বলা, কিন্তু বাস্তবতা কিন্তু অনেকটা ও-রকমই। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড় দলে থাকলেও জার্মানির জাল খুঁজে পায়নি পর্তুগাল।প্রথম ম্যাচে পরাজয় ‘গ্রুপ অব ডেথ’-এ খাদের কিনারায় দাঁড় করিয়ে ফেলেছে পর্তুগালকে। আজ ডেনমার্কের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবারই সুযোগ নেই। কোচ পাওলো বেন্তো অনুমেয় কথাই বলছেন, ‘আমাদের পরিকল্পনামাফিক ভালো খেলে যেতে হবে। একই সঙ্গে আরও নিখুঁত হতে হবে, তবে সবচেয়ে বড় কথা, ভাগ্যের সহায়তাও আসলে দরকার।’বাছাইপর্বেও পর্তুগালের সঙ্গে একই গ্রুপে ছিল ডেনমার্ক, কোপেনহেগেনে পর্তুগিজদের হারিয়েই সরাসরি ইউরোর টিকিট পায় ডেনিশরা। তবে পর্তুগাল উইঙ্গার নানি ওই ম্যাচ ভুলে শুধু সামনের দিকেই তাকাতে চান, ‘এই ম্যাচটা আমাদের জিততেই হবে, তবেই শুধু আমরা স্বস্তিদায়ক একটা অবস্থায় যেতে পারব। তখন নিজেদের ভাগ্য নিজেদের হাতেই থাকবে।’ গত ম্যাচেই হল্যান্ডকে হারিয়ে ডেনমার্কের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। পর্তুগালের বিপক্ষে খেলার আগে যেকোনো দলের মতো তারাও অগ্রাধিকার দিচ্ছে রোনালদোকে ঠেকানোটাই। প্রথম ম্যাচে দুর্দান্ত খেলা ডিফেন্ডার সাইমন জার সে রকম প্রতিশ্রুতিই দিচ্ছেন, ‘ওকে আমরা আগেও ঠেকিয়ে দিয়েছি, আরেকবারও দিতে পারব বলেই বিশ্বাস করি। ব্যক্তিগত নৈপুণ্যে ওর জুড়ি মেলা ভার, কিন্তু দল হিসেবে খেললে ওকে রুখে দেওয়া ও পর্তুগালকে হারানো খুবই সম্ভব।’ডেনমার্কের কোচ মর্টেন ওলসেন হল্যান্ডকে হারানোর আনন্দ আপাতত ভুলে যেতে চাইছেন, ‘আনন্দের রেশ এখনো তো আছেই, তবে আমাদের পা মাটিতে রাখতে হবে। পর্তুগাল এখন চাপে আছে, আমাদের তাই ভালো খেলতেই হবে।’ এএফপি।