এবার ডোবালেন বোলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশার বেলুন অনেকটাই চুপসে গেছে দুটি প্রস্তুতি ম্যাচ আর প্রথম ম্যাচের পারফরম্যান্সে। তবে স্মিথ-স্টেইন-ডি ভিলিয়ার্স-মরনে মরকেলবিহীন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ের প্রত্যাশাটা মনে হয় খুব বাড়াবাড়ি ছিল না। কিন্তু সেই লড়াইটাও করতে পারল না বাংলাদেশ। মুশফিক-মাহমুদউল্লাহদের সৌজন্যে ব্যাটিংয়ে কিছু বিনোদন পাওয়া গেছে। কিন্তু টি-টোয়েন্টিতে ৩৯ রানের হারটা শেষ পর্যন্ত তো বড় পরাজয়ই!জিম্বাবুয়ে যাওয়ার আগে অন্তত ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানিয়েছিলেন মুশফিকুর রহিম। প্রথম দুই ম্যাচের হারে ফাইনালটাকে এখন দূরের বাতিঘর বলেই মনে হচ্ছে। প্রথম ম্যাচে বোলাররা মোটামুটি ভালো করলেও দল হেরেছিল ব্যাটিং ব্যর্থতায়। কাল বোলারদের সৌজন্যে ম্যাচ কার্যত শেষ প্রথম ভাগেই। দক্ষিণ আফ্রিকা তুলে ফেলল ২০৯ রান। এই রান তাড়া করার মতো ব্যাটিং শক্তি কোথায় বাংলাদেশের! ফিল্ডিংটা অবশ্য বেশ ‘ধারাবাহিক’। আগের ম্যাচের মতো কালও ফিল্ডিং হলো যাচ্ছেতাই।একটা জায়গাতেই কেবল সান্ত্বনা পেতে পারে বাংলাদেশ, তামিম-সাকিবকে ছাড়াই ১৭০ রান তোলা। স্কোরকার্ডের চেহারা এমন হূষ্টপুষ্ট করায় অবশ্য বড় অবদান আছে ওয়েইন পারনেলের। বাঁহাতি পেসারের ৪ ওভারে বাংলাদেশ তুলেছে ৬১! তামিমের জায়গায় সুযোগ পেয়ে নিজেকে ঠিক চেনাতে পারেননি আনামুল হক। তরুণ ব্যাটসম্যানের প্রতিভা নিয়ে সংশয় নেই। তবে কাল শর্ট বলে তাঁর দুর্বলতাও ফুটিয়ে তুলেছেন মার্চেন্ট ডি ল্যাঙ্গে। টানা দুটো শর্ট বলে কাঁপাকাঁপি করে স্কয়ার লেগের হাতে ক্যাচ তুলে দিয়েছেন আরেকটি শর্ট বলে। আশরাফুলের তিন চারে বাংলাদেশ অবশ্য এর আগেই তুলে ফেলেছিল ১৯। আনামুলের আউটের পরের বলে আরেকটা চার আশরাফুলের, ২৩ করে ফেলেছিলেন ১২ বলেই। তবে প্রোটিয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এরপর আর পাখা মেলতে পারেননি। রানের জন্য হাঁসফাঁস করতে করতে আউট হয়েছেন সতসোবের শর্ট বলে পুল করতে গিয়ে। পিটারসনের পরের ওভারে বাজে দুটি শটে আউট জহুরুল আর নাসির।৯ ওভারে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে দল তখন লজ্জাজনক পরাজয়ের সামনে। এ অবস্থা থেকে ‘উদ্ধার’ আগের ম্যাচে নিষ্প্রভ দুই ব্যাটসম্যানের ব্যাটে। পারনেলকে ছয় মেরে প্রতি-আক্রমণের শুরুটা করেছিলেন মুশফিক। প্রথম ম্যাচে মন্থর খেলার অপবাদদুষ্ট মাহমুদউল্লাহ খেলেছেন দেখার মতো কিছু শট। আলবি মরকেলের স্লোয়ারে মিড অফে ক্যাচ হয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ, তবে ইনিংসের শেষ বলের চারে ৫০ ছুঁয়েছেন মুশফিক।প্রোটিয়ারা মনে করেছিল ম্যাচ স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায়। মাঠে এসেছিল তাই একটু দেরিতে। সঙ্গে বৈদ্যুতিক সমস্যা মিলিয়ে ম্যাচ শুরু হতে দেরি হয় ১৫ মিনিট। তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে একটুও দেরি করেনি দক্ষিণ আফ্রিকা। মাশরাফির করা ইনিংসের প্রথম ওভারে ১২ রান, আবুল হাসানের করা শেষ ওভারে ২৩। ২০ ওভারের ১৩টিতেই এসেছে ১০ বা তার বেশি রান! রিচার্ড লেভির ঝড়, অধিনায়ক হাশিম আমলার নিয়ন্ত্রিত আগ্রাসন আর ইনগ্রাম-মরকেল-ডুমিনিদের ক্যামিওতে রান বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আমলা (৮৮) পেয়েছেন টি-টোয়েন্টিতে নিজের সর্বোচ্চ রান।ম্যাচ শেষে ব্যাটিং নিয়ে তৃপ্তির কথা জানালেন মুশফিক। আগের ম্যাচে যেমন বলেছিলেন বোলিংয়ের সন্তুষ্টির কথা। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে কি দুটো বিষয়েই তৃপ্ত হতে পারবেন বাংলাদেশ অধিনায়ক?