এবার তামিমকে কুর্নিশ করে অশ্বিনের টুইট

‘হোয়াট আ নক ফ্রম তামিম!! টেক আ বাও।’ তামিম ইকবালের ইনিংসের পর এভাবেই ‘কুর্নিশ’ করলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় স্পিনারের আগের টুইটটিতে ছিল ওমানের প্রতি নিরঙ্কুশ সমর্থন। বাংলাদেশের পরাজয় প্রার্থনা। কিন্তু ২০ ওভারেই কিছুটা হলেও অবস্থান বদলাতে হয়েছে অশ্বিনকে। বদলাতে বাধ্য করেছেন তামিম। আজ এমন এক ইনিংস খেলেছেন, যুক্তির ধার না-ধারা তামিমের কট্টর সমালোচকও যেন বনে গেছেন তামিমের গুণমুগ্ধ ভক্ত!
আজ তিন ঘণ্টার ব্যবধানে দুটি টুইট করেন অশ্বিন। প্রথম টুইটে লেখেন, ‘বাংলাদেশ বনাম ওমান ম্যাচটি দেখতে আর তর সইছে না। যদি বাংলাদেশ আজ জেতে, পুরো দেশটি খুশি হবে। তবে ওমান জিতলে আনন্দিত হবে ক্রিকেটই।’

একজন নিরপেক্ষ সমর্থক হিসেবে ওমানের জয় তিনি প্রার্থনা করতেই পারেন। তবে ওমানের জয় মানে ক্রিকেটের জয় বা আনন্দ—এমন সরলীকরণ টানায় অশ্বিনকে পাল্টা টুইট করতে থাকেন অনেকে। অশ্বিন উত্তরও দিচ্ছিলেন। একজন যেমন পাল্টা টুইট করে বলেছিলেন, ‘বাংলাদেশের বিদায় চাইছেন, টাইগারদের ভয় পাচ্ছেন নাকি?’ অশ্বিন একটু খেপে গিয়ে উত্তর দিয়েছিলেন, ‘প্রথমে ভেবেছিলাম এই উত্তরটা মুছে ফেলব। পরে ভাবলাম, আমার অত সময়ই নেই।’
এই টুইটে তিন ঘণ্টার মধ্যে প্রায় এক হাজার রিটুইট হয়। তবে তামিম প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করার পর অশ্বিন আবারও টুইট করে তামিমকে শ্রদ্ধা জানান। লেখেন, ‘আহ কী অসাধারণ ইনিংস তামিমের!! তামিম, তোমাকে কুর্নিশ।’
আরও পড়ুন: