এবার তামিমকে নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে দলের সঙ্গে ফিল্ডিং প্র্যাকটিস করেছেন। নেটে ব্যাটিংও করেছেন আধা ঘণ্টার মতো। শারীরিক দুর্বলতার কারণেই হয়তো এসবে একটু দ্রুত ক্লান্ত হয়ে পড়ছেন সাকিব আল হাসান। লর্ডস টেস্টে তাঁর খেলাটা তাই এখনই নিশ্চিত করে দেওয়া যাচ্ছে না। আগামী কয়েক দিনে কতটা ফিটনেস ফিরে পান, সেটাই গড়ে দেবে সাকিবের ভবিষ্যৎ। জলবসন্তে আক্রান্ত অধিনায়ককে নিয়ে এই অনিশ্চয়তার মধ্যেই নতুন শঙ্কা জেগেছে তামিম ইকবালকে ঘিরে। বাঁ হাতের কবজির ব্যথাটা আবার মাথাচাড়া দিয়ে ওঠায় লর্ডস টেস্টে না খেলার শঙ্কা এখন সবচেয়ে বেশি তাঁরই।টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমকে একটা মাত্র ম্যাচ খেলিয়েই বিশ্রাম দেওয়া হয়েছিল। ইংল্যান্ডে এসে খেলেননি প্রথম দুটি প্রস্তুতি ম্যাচ। এতটা সময় বিশ্রামে থেকেও তামিমের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলেই মনে হচ্ছে। ডার্বিশায়ারে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করতে গিয়ে আবারও হাতে ব্যথা অনুভব করেছেন এই বাঁহাতি ওপেনার। পরিস্থিতি এমন যে পরশু খেলা শেষে তামিমের ইনজুরি নিয়ে টিম ম্যানেজমেন্টকে আলাদা একটা সভায় বসতে হলো। সভার সিদ্ধান্ত—আগামীকাল লন্ডনে গিয়ে আবার চিকিৎসক দেখাবেন তামিম। চিকিৎসক খেলার ছাড়পত্র না দিলে লর্ডস টেস্টের আগেই তাঁকে দেশে ফেরত পাঠনো হবে।চিকিৎসকের ছাড়পত্র পাওয়া না-পাওয়া তো পরে, নিজেকে নিয়ে তামিমও খুব একটা আত্মবিশ্বাসী নন! কাল ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব মাঠের ড্রেসিংরুমের বারান্দায় দাঁড়িয়ে হাতের ব্যান্ডেজটা দেখাতে দেখাতে বললেন, ‘ব্যথা হাতে, কিন্তু এ ধরনের ম্যাচে তো ব্যথাটা হাত থেকে মাথায় চলে আসে। খালি মনে হয় পারব তো, পারব তো...। আবার ব্যথা পাব না তো...! একবার ভয় ঢুকে গেলে সেটা আর যায় না।’ এনসিএল টি-টোয়েন্টি লিগের সময় তামিম এই চোটটা পেয়েছিলেন বাঁ হাতের কবজিতে। ব্যাটিং করার সময় ঝাঁকুনিতে সেটা এখন হাতের তালুতেও ছড়িয়ে যাচ্ছে।তামিমকে টেস্ট সিরিজ না খেলেই দেশে ফিরতে হলে বিপদে পড়তে পারেন দলের ফিজিও মাইকেল হেনরি। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের আগে তামিমকে ফিট ঘোষণা করেছিলেন তিনিই। বলা হয়েছিল, দুই সপ্তাহ বিশ্রাম নিলেই নাকি ইনজুরি পুরোপুরি সেরে উঠবে। হাতে ব্যথা থাকার পরও সে কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ইংল্যান্ড সফরের দলে রাখা হয়েছিল তামিমকে। কার্যত এত বিশ্রাম নিয়েও তামিম এখনো পুরোপুরি ফিট নন! বরং ইনজুরি নিয়েও দলের সঙ্গে থেকে, অনুশীলন করে বাড়তি ঝুঁকির মধ্যেই ছিলেন তিনি। হেনরিকে নাকি এ জন্য কারণ দর্শানো নোটিশও দিতে পারে বোর্ড।এবার না হলে লর্ডসে আর কখনো টেস্ট খেলার সুযোগ তামিমের হবে কি না কে জানে! শুধু তামিম কেন, বাংলাদেশ দলের বর্তমান ক্রিকেটারদের অনেকের জন্যই এবারের সফরটা হয়ে যেতে পারে শেষ ইংল্যান্ড সফর। অনেকে বেড়াতে আসতে পারেন। ‘এ’ দল বা অন্য কোনো দলের হয়ে, কিংবা সাকিব আল হাসানের মতো কাউন্টি ক্রিকেট খেলতেও আসতে পারেন কেউ। তবে জাতীয় দলের হয়ে আপাতত আর এই দেশে আসার কোনো সুযোগই নেই কারণ, আইসিসির ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত সফর পরিকল্পনায় বাংলাদেশ দলের ইংল্যান্ড সফর নেই একটিও।কথাটা মনে করিয়ে দিতে একটু হতাশই হলেন জাতীয় দলের হয়ে প্রথমবার ইংল্যান্ড সফরে আসা তামিম, ‘প্রথম টেস্টটা লর্ডসে বলেই বেশি করে খেলতে চাই। লর্ডসে খেলতে না পারলে আর খেলবই না এই সিরিজে...।’