শেষ পর্যন্ত তো এটা একটা ক্রিকেট ম্যাচই, নাকি!১১ জনের দুই দল, ছয় বলে ওভার, শুরুতে টস, শেষে পুরস্কার বিতরণ...হ্যাঁ, প্রথম বলটি হয়ে যাওয়ার পর এটাও একটা ক্রিকেট ম্যাচই হয়ে যাবে। এর আগ পর্যন্ত অবশ্যই নয়। ভারত-পাকিস্তানই ম্যাচের গায়ে হাজারো রং চড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তার ওপর এটি বিশ্বকাপের সেমিফাইনাল। তার ওপর এই ম্যাচ ‘ক্রিকেট কূটনীতির’ বাহন। চির যুযুধান দুই দেশের বরফশীতল সম্পর্কে একটু উষ্ণতা আনার উপলক্ষ। মাঠে যেমন খেলা, তেমনি মাঠের বাইরেও। টস করতে মাঠে যাবেন ক্রিকেট দলের দুই অধিনায়ক। তখন দর্শকের আসনে এমন দুজনের থাকার কথা, যাঁদের বলতে পারেন নিজ নিজ দেশেরই অধিনায়ক। ধোনি আর আফ্রিদির মধ্যে ব্যাট-বলের লড়াই। বন্ধুতার আবরণে মনমোহন সিং ও ইউসুফ রাজা গিলানির মধ্যেও কি একটা ‘লড়াই’ চলবে না তখন?দুই প্রধানমন্ত্রীর কারণেই শুরু হওয়ার আগ পর্যন্ত এটি তাই ক্রিকেট ম্যাচ থাকছে না। নিরাপত্তার এমনই জাল পেরিয়ে মাঠে ঢুকতে হবে যে, দর্শকদের ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগেই আসন গ্রহণ করতে বলে দেওয়া হয়েছে। সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয়েছে, ১২টার পর আর মাঠে ঢোকার সুযোগ নেই। মোহালি স্টেডিয়ামের চারপাশে কালই এমন সাজসাজ রব দেখা গেল যে, আজ কী হবে কে জানে!কিন্তু শেষ পর্যন্ত এটি ক্রিকেট ম্যাচই। যে ম্যাচের আগের দিনটা অদ্ভুত রূপ নিল আইসিসি হঠাৎই চরিত্রবিরোধী শক্ত পদক্ষেপ নেওয়ায়। বিশ্বকাপের বাণিজ্যিক নীতিমালা লঙ্ঘনের দায়ে ভারতীয় সব টিভি চ্যানেল মাঠে নিষিদ্ধ। গেটের বাইরে সারি সারি টিভি ক্যামেরা আর গাড়ি। ভেতরে দুই অধিনায়কের সংবাদ সম্মেলনে বাইরের দু-একটা বাদ দিলে সব বাংলাদেশের টিভি চ্যানেলের টিভি ক্যামেরা! ভারত-পাকিস্তান বিশ্বকাপ সেমিফাইনালের আগে অবিশ্বাস্য এক দৃশ্য! শুরুর আগেই এত নাটক, এই ম্যাচ না জানি কী রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে! প্রতিদ্বন্দ্বী দুই দেশের মানুষ তো করবেই, ক্রিকেট-বিশ্বই বা কবে এমন অধীর আগ্রহ নিয়ে ক্ষণ গুনেছে কোনো ম্যাচের! পরশু এক টিভি চ্যানেলে টেলিকনফারেন্সে সুনীল গাভাস্কারকে উপস্থাপক জিজ্ঞেস করলেন, ম্যাচটা একতরফা হতে পারে কি না? গাভাস্কার হেসেই উড়িয়ে দিলেন সম্ভাবনাটা, ‘ভারত-পাকিস্তান ম্যাচ কখনো একতরফা হয় নাকি! এই ম্যাচ ৯৯তম বা ১০০তম ওভারে গিয়ে মীমাংসা হবে।’ গাভাস্কারের ফেবারিট? এখানে কবি নীরব। এটা হবে ভারতীয় ব্যাটিং বনাম পাকিস্তানি বোলিং—এটা বলতে গাভাস্কার হতে হয় নাকি! এ তো সবাই জানে।ভারত-পাকিস্তান অনেক ক্লাসিক উপহার দিয়েছে। এবারও সবাই তেমন কিছুরই আশায়। আশা ম্যাচটা ভারত-পাকিস্তান বলেই। নইলে কাগজে-কলমে তো ভারত বেশ এগিয়ে। শচীন টেন্ডুলকার বনাম উমর গুল, বীরেন্দর শেবাগ বনাম মোহাম্মদ হাফিজ, যুবরাজ সিং বনাম শহীদ আফ্রিদি...দেখুন, যুদ্ধটাকে খণ্ড খণ্ড লড়াইয়ে ভাগ করে নিলে কিন্তু খুব একটা মুখরোচক হচ্ছে না। অতীতের পাকিস্তান দলগুলো ছিল তারার মেলা, এই দল একদমই তা নয়। সবচেয়ে বড় তারা তো এমনই নিভুনিভু হয়ে জ্বলছেন যে, আজ মাঠে আলো ছড়ানোর সুযোগ পাবেন কি না তারই ঠিক নেই। কাল সকালেও যে শোয়েব আখতারকে ‘হান্ড্রেড পার্সেন্ট ফিট নয়’ বলে গেলেন আফ্রিদি, তাঁকে আজ নামিয়ে দিলে বুঝতে হবে, ভারতীয়দের ধোঁয়াশায় রাখতেই পাকিস্তানের এই চাল।তারকা নেই তো কী, পাকিস্তানের এই দল তো হাজারো বিতর্কের পঙ্কে ফোটা পদ্ম। যেখানে অভূতপূর্বভাবে ব্যক্তির চেয়ে দল বড়। সেটির জোরেই সবাইকে অবাক করে সেমিফাইনালে। সেখানেই শেষ বলে মানবে কেন তারা?ভারতীয় কোচ গ্যারি কারস্টেনের রণকৌশল ইদানীং খুব ফাঁস হয়ে যাচ্ছে। কালই যেমন পাকিস্তানের ম্যাচ নিয়ে কারস্টেনের ১৬ পৃষ্ঠার ‘রোডম্যাপ টু সাকসেস’ ছেপে দিয়েছে একটি ইংরেজি দৈনিক। পাকিস্তান সম্পর্কে কারস্টেনের সবচেয়ে উল্লেখযোগ্য বিশ্লেষণ—ভয়ডরহীন দল, এ কারণেই খুব বিপজ্জনক।ওয়াকার ইউনুস এমন কিছু তৈরি করে থাকলে সেটি খুব কৌতূহলোদ্দীপক হতো। টেন্ডুলকার, শেবাগ, যুবরাজ, গম্ভীর, কোহলি, ধোনি—ভারতের এই তারায় তারায় খচিত ব্যাটিং লাইনআপ ভাঙতে কী টোটকা দিতেন সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার? সেটি জানা না গেলেও এটা বলে দেওয়া যায়, পাকিস্তানের যেকোনো খেলোয়াড়ের চেয়ে এই ম্যাচে বেশি করে জয় চাইছেন ওয়াকার ইউনুস। বিশ্বকাপ তাঁর কাছে এক আক্ষেপের নাম। সেরা ফর্মে থাকতে পিঠের চোট ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের অংশ হতে দেয়নি। ১৯৯৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই ভারতের কাছেই হেরেছেন। অজয় জাদেজার হাতে বেধড়ক পিটুনি খাওয়ার অপমানও জুটেছে সঙ্গে। প্রথম ৮ ওভারে ২৭ রান দেওয়া ওয়াকারের শেষ দুই ওভারে এসেছিল ৪০! ১৯৯৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে একাদশে সুযোগ পাননি। ২০০৩-এ অধিনায়ক হিসেবে হেরেছেন টেন্ডুলকারের কাছে। ৮.৪ ওভারে ৭১ রান দিয়ে পাকিস্তানের সবচেয়ে খরুচে বোলারও ছিলেন তিনি। ক্যারিয়ার শেষ করে দেওয়া ওই ম্যাচের পর আজ আবার বিশ্বকাপে পেয়েছেন ভারতকে। একটা জিনিস শুধু বদলায়নি। বোলার হিসেবে টেন্ডুলকারকে আটকানোর ছক কেটেছেন, এখন সেটিই করতে হচ্ছে কোচের ভূমিকায়।টেন্ডুলকার-টেন্ডুলকার রবের মধ্যেই এই বিশ্বকাপে যিনি নতুন আলোয় উদ্ভাসিত, তাঁর আবার আজ ঘরের মাঠে খেলা। ভারতের সাত ম্যাচের চারটিতেই ম্যান অব দ্য ম্যাচ। বদলে যাওয়ার পেছনে ‘বিশেষ একজন’-এর কথা বলেছেন। বাবা যোগরাজ সিংয়ের কথায় ইঙ্গিত পেয়ে সবাই এটি শচীন টেন্ডুলকার বলেই ধরে নিয়েছেন। যুবরাজ সিং হ্যাঁ-ও বলেননি, না-ও না। যদি ফাইনালে উঠতে না পারেন, তা হলে কি বলবেনই না?গা লাগোয়া চণ্ডীগড়-মোহালির গাছে গাছে এখন ঝরাপাতার কান্না। টুপ করে খসে পড়ছে, উড়ছে হাওয়ায়—ঝরাপাতা গো, ঝরাপাতা গো...। আজ কে গাইবে ঝরাপাতার গান—ভারত না পাকিস্তান?