এবার তাহলে বিশ্বকাপ!
শুরু আর শেষের প্রচণ্ড অমিল। পার্থক্যটা যেন আকাশ-পাতাল। সাত ম্যাচে মাত্র দুই জয়—লুইস ফেলিপে স্কলারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যেন ধুঁকছিল ব্রাজিল। ঘরের মাঠে কনফেডারেশনস কাপের অভিযানের আগমুহূর্তে স্কলারির দলের ওপর তাই যথেষ্ট চাপ ছিল। কিন্তু দুই সপ্তাহের ব্যবধানে পাল্টে গেছে দৃশ্যপট। চাপকে উড়িয়ে স্কলারি এখন পৃথিবীর নির্ভার মানুষদের একজন। গত রাতে হ্যাটট্রিক শিরোপা জয়ের পর সেটা স্বীকারও করলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী কোচ, ‘আমার মনে হয় না, এই মুহূর্তের চেয়ে বেশি ভালো অনুভব করা আমার পক্ষে সম্ভব। স্পেনকে ৩-০ গোলে হারানো আমার ধারণার চেয়েও বেশি কিছু। এটা শুধুই গোলসংখ্যার কারণে নয়, আমরা দারুণ একটা ম্যাচ খেললাম।’এই ব্রাজিল আর সেই ব্রাজিল নেই! পেলে থেকে শুরু করে জিকো—সবাই বলছিলেন কথাটা। অনেকে তো ব্রাজিলের স্কলারির ব্যর্থতার দিকেও ইঙ্গিত করেছেন। তবে সমালোচকদের মুখে এরই মধ্যে কুলুপ এঁটে গেছে, বলার অপেক্ষা রাখে না। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে বিধ্বস্ত করে ২০১৪ বিশ্বকাপেও নিজের সম্ভাবনার জানান দিয়েছেন ব্রাজিলীয় খেলোয়াড়েরা। তা স্বীকার করছেন ৬৪ বছর বয়সী স্কলারিও, ‘এখন আমরা স্বপ্ন দেখতে পারি যে সামনে আমাদের পথ মসৃণ। আগামী বছরের বিশ্বকাপে অন্য শক্তিশালী প্রতিপক্ষের মতোই ভালো দল নিয়ে খেলব আমরা।’কনফেডারেশনস কাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগেই স্টেডিয়ামের বাইরে ঘটে যায় লঙ্কাকাণ্ড। বিশ্বকাপের জন্য স্টেডিয়াম প্রস্তুত করতে বেশি অর্থ খরচ করে ফেলেছে ব্রাজিল—এই অভিযোগ তুলে প্রতিবাদমুখর হয়ে হয়ে ওঠে প্রায় ৫০০ ব্রাজিলীয়। প্রতিবাদকারীরা একপর্যায়ে এতটাই বিক্ষুব্ধ হয়ে ওঠে যে রাবার বুলেট ছুড়তে বাধ্য হয় দাঙ্গা পুলিশ। ছোড়া হয় মুহুর্মুহু টিয়ারশেল। পুলিশ-বিক্ষোভকারীর সংঘর্ষে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে মাঠে উপস্থিত ৬৭ হাজার দর্শক। ওই ঘটনায় আহত হয় ৩০ জনের বেশি। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ২২ জনকে। পরবর্তী সময়ে বিক্ষোভের তীব্রতা কমে গেলেও তা থামেনি প্রতিযোগিতার শেষ দিন পর্যন্তও। তবে স্কলারির বিশ্বাস, ব্রাজিলের হ্যাটট্রিক শিরোপা জয় দেশবাসীকে একই সুতোয় গাঁথতে সহায়তা করবে। সূত্র: রয়টার্স।