এবার তাহলে হকি!
বাংলাদেশের হকির সোনালি সময়ের শেষভাগের অন্যতম সারথি রফিকুল ইসলাম (কামাল) বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা দেখে কাল বললেন, ‘বাংলাদেশের হকির পুনর্জন্ম হলো।’ কামালের বক্তব্যকে ভুল বলতে পারছেন না অনেকেই।গ্রুপে র্যাঙ্কিংয়ে ফিজিই শুধু বাংলাদেশের পরে। অথচ চীন, ওমানের মতো দলগুলোকে হারিয়ে দিল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা ভারত ও আয়ারল্যান্ডকে প্রথম গোল দিয়ে তাদের আতঙ্কিতই করে তুলেছিল জিমি-চয়নদের দল। শুনে সবার অবাক হতে হয় এই দলটার ফিজিও নেই, কোনো ভিডিও বিশ্লেষক নেই। এদের আবাসিক অনুশীলন চলে মানবেতরভাবে। জাতীয় দলের খেলোয়াড়দের বহনকারী বাস দেখলেও লজ্জা পেতে হয়। ফেডারেশন টাকা নেই বলে এদের দিল্লি খেলতে পাঠায় সড়কপথে। চোটে জর্জর দলটাকে ফিট করে তোলার জন্য চিকিৎসক দূরে থাক, ফিজিও থাকে না। পাঁচতারকা হোটেলে এরা থাকতে পারে না। ভারত ও আয়ারল্যান্ডের পর এই দলটাই গ্রুপে তৃতীয় হয়েছে। আর একটু হলেই এরা উঠে যেত হকির পরাশক্তিগুলোর সঙ্গে তৃতীয় রাউন্ডে। এ তো এককথায় অসাধারণ পারফরম্যান্স!বাংলাদেশ হকি দলের খেলোয়াড়দের কেউ এখন খারাপ বলতে পারছেন না। প্রশংসাবৃষ্টিতে ভিজছেন সবাই। ফেসবুকে কাল মামুনুর রহমান (চয়ন) বললেন, ‘চীনের খেলোয়াড়-কর্মকর্তা সবাই আমাদের পারফরম্যান্সে অবাক। বলে, এত সীমাবদ্ধতার মধ্যেও তোমরা এত ভালো খেলো কীভাবে? সত্যিই তোমরা দেশকে খুব ভালোবাসো।’ তৃতীয় রাউন্ডে না উঠতে পারার পেছনে প্রস্তুতি ম্যাচের অভাবকেই দায়ী করলেন এই ডিফেন্ডার, ‘আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেললে তৃতীয় রাউন্ডে হয়তো যেতে পারতাম।’ স্ট্রাইকার রাসেল মাহমুদের (জিমি) কথা, ‘ভারত, চীনের বিপক্ষে কত কম গোল হজম করব আগে সেটাই ভাবতাম। এখন ওদের হারানোর কথাও ভাবি।’ ডিফেন্ডার আসাদুজ্জামান চন্দন বললেন, ‘আমাদের খেলা দেখে আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি প্রশংসা করেছেন। ওমানের কোচ বলেছে, “তোমরা আগের চেয়ে অনেক উন্নতি করেছ।” এখন আমরা এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’কিন্তু চাইলেই কি এটা পারবেন চন্দনরা? এ জন্য উদ্যোগ নিতে হবে ফেডারেশনকেই। সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ কাল বললেন, ‘ক্যাম্প চালাতে সবার আগে দরকার টাকা। আশার কথা, বাংলাদেশের খেলা দেখে স্পনসররা যোগাযোগ করতে শুরু করেছে। বিদেশি কোচের জন্য জনতা ব্যাংক কোটি খানেক টাকা দিতে চেয়েছে।’আগস্টে এশিয়া কাপের আগে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই বাংলাদেশের। তবে দিল্লি থেকে ফিরে অনেকেই ইউরোপে খেলতে চলে যাবেন। বাকিরা ঘরোয়া টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেবেন। রহমতউল্লাহ স্বপ্ন দেখছেন বিশ্বকাপের, ‘আশা করি, বাংলাদেশ ২০২২ বিশ্বকাপে খেলবে।’ ফেসবুকের মাধ্যমে সাবেক কোচ গেরহার্ড পিটার একটু এগিয়েই বললেন, ‘বাংলাদেশের প্রতিটি ম্যাচ দেখেছি। ভালো খেলেছে সবাই। এবার হয়নি তো কি হয়েছে! ২০১৬ ব্রাজিল অলিম্পিকে খেলবে বাংলাদেশ।’ ক্রিকেট, ফুটবলের পর সময় হয়েছে হকির দিকে ফিরে তাকানোর।