এবার তিনি তুলি হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে আধা শতাব্দীরও আগে, ১৯৫৮ বিশ্বকাপে এই পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছিল তাঁর আবির্ভাব। ১৭ বছর বয়সে বিশ্বকাপ খেলতে নেমে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিকসহ টুর্নামেন্টে ৬ গোল করেছিলেন সেবার। আবার একটি বিশ্বকাপ এসেছে। কিন্তু তিনি যে আর মাঠে নেমে দুনিয়াকে মুগ্ধ করেন না। তাই বলে কোনো মুগ্ধতাই ছড়াবেন না? এবারও দুনিয়াকে মুগ্ধ করতে দক্ষিণ আফ্রিকায় আছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে। এবার আর পায়ের জাদু, চিন্তাশীলতার অভাবনীয় প্রয়োগ দিয়ে নয়; পেলে মুগ্ধ করছেন তুলি-ক্যানভাস দিয়ে। ১০ জুন থেকে জোহানেসবার্গে শুরু হয়েছে ‘দ্য আর্ট অব পেলে’ শীর্ষক প্রদর্শনী। হ্যাঁ, বিশ্বাস করুন, কিংবদন্তি ফুটবলার পেলের নিজের আঁকা ছবি নিয়ে এই প্রদর্শনী। আর আজই ইচ্ছে করলে যে-কেউ নিলামে অংশ নিয়ে হয়ে যেতে পারেন পেলের আঁকা একটি ছবির মালিক। না, মূল ছবি নয়। ছবিগুলোর ছবি তুলে সীমিত কপি ছাপিয়ে নিলামে বিক্রি করা হবে। ক্রেতার বাড়তি পাওয়া, প্রতিটি ছবিতে সই করে দেবেন পেলে নিজে।পেলে ফুটবল ছেড়েছেন সেও ৩৩ বছর পার হয়ে গেছে। এখনো মানুষের চোখে ছবি হয়ে আছে তাঁর পায়ের কাজ। ফুটবল মাঠে দুই পায়ে ছবি এঁকে দুনিয়ার তাবৎ ফুটবলপ্রেমীকে বুঁদ করে রেখেছিলেন পেলে। বুঁদ করে রেখেছিলেন ফুটবল মাঠে সৃজনশীলতা, চিন্তাশীলতার অভিনব প্রয়োগ ঘটিয়ে।টাইমস বলছে, ক্যানভাসেও পেলে সেই জাদুকরী মহিমায় আবির্ভূত হয়েছে। তুলি হাতে ব্রাজিলিয়ান কিংবদন্তি বিষয় হিসেবে বেছে নিয়েছেন নিজেকেই। কৈশোরে শুরু করা বিশ্বজয়ের অভিযান ধারাবাহিকভাবে এঁকেছেন পেলে। এই ধারাবাহিক ছবিগুলোর ভেতর থেকেই বাছাই করা ৩৫টি মূল ছবি নিয়ে চলছে এই প্রদর্শনী। বিশ্বকাপ উপলক্ষে জোহানেসবার্গের ‘আর্টনেট গ্যালারি’তে প্রদর্শনীর উদ্বোধন হয়েছে বাছাই করা কয়েকজন গণ্যমান্য অতিথি ও বিশিষ্ট কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে।কিন্তু পেলে ছবি আঁকা শুরু করলেন কবে? হয়তো অনেক আগে থেকেই নিজে নিজে ছবি আঁকতেন। কিন্তু সিরিজের ছবিগুলো আঁকায় তাঁকে সহায়তা করেছেন দক্ষিণ আফ্রিকান চিত্রকর অ্যাথল মৌল্ট। ছবিগুলো আঁকা হয়েছে ক্যানভাস ও কাগজের ওপর; ব্যবহার করা হয়েছে অ্যাক্রেলিক রং ও পিগমেন্ট কালি।পেলেকে আর মাঠে দেখার উপায় তো নেই। পেলে-ভক্তরা বরং এই সুযোগে শিল্পীর কারুকাজ আরেকবার দেখে নিতে পারেন ক্যানভাসের তুলির আঁচড়ে।