বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে শুনতে হচ্ছে একটা প্রশ্ন। কত ম্যাচ পর গোল করলেন?
প্রশ্নটা কাল করা হয়েছিল তৌহিদুল আলমকে (সবুজ)। সম্ভাবনায় এই তরুণ শেখ জামালে দুই মৌসুম অনেকটা সময়ই বেঞ্চে কাটিয়েছেন। তৌহিদুল এবার মোহামেডানে এসে কাল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মোহামেডানের ২-০ জয়ে করলেন প্রথম গোল।
শেখ জামাল আবির্ভাবে বড় দল গড়েছিল দেশের সেরা খেলেয়াড়দের নিয়ে। জাতীয় দলের ৮-১০ জন খেলোয়াড় নিয়মিতই বেঞ্চে বসতেন। সেই খেলোয়াড়েরা দৃশ্যপটে আসছেন আবার। তৌহিদুল ফিরে এসে বললেন, ‘এখন থেকে নিয়মিতই গোল করতে চাই।’
৩৪ মিনিটে জাহিদের থ্রু ধরে বক্সের ওপর থেকে কোনাকুটি শটে লক্ষ্যভেদ করলেন তৌহিদুল। মিনিট দুয়েক পরই মোহামেডানের জয় নিশ্চিত করে দেন অধিনায়ক এমিলি। এটিও জাহিদের সাজিয়ে দেওয়া বল, ডান দিক থেকে তাঁর ক্রসে এমিলির হেডে ২-০।
সপ্তম ম্যাচে এটা মোহামেডানের দ্বিতীয় জয়। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান এখন পাঁচে। মোহামেডানের ওপরে আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল, মুক্তিযোদ্ধা।
চট্টগ্রাম আবাহনীর সামনে ঝুলছে অবনমনের খাঁড়া। ৭ ম্যাচে পয়েন্ট মাত্র ৪। নয় দলের লিগ টেবিলে অষ্টম। দলটি এমনিতে ভালোই খেললেও পেরে উঠছে না অভিজ্ঞ খেলোয়াড়ের অভাবে।
পর্তুগিজ কোচ রুই ক্যাপেলার অধীনে মোহামেডান একটু গুছিয়ে উঠেছে। কাল দুই অর্ধের প্রথম মিনিট পনেরো বেশ ধারালো দেখাল মোহামেডানকে। বাকি সময়টায় যদিও সেভাবে চেনা যায়নি। ক্যাপেলা মোহামেডানকে খেলাচ্ছেন তিন স্ট্রাইকার নিয়ে। কিন্তু খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাব মাঠে প্রভাব ফেলছে।
তবু জয়ের ফেরার ইতিবাচক দিকটা দেখতে পাচ্ছেন ক্যাপেলা, ‘প্রথম পর্বে বাকি দুই ম্যাচে পুরো ৬ পয়েন্ট পেলে আমরা একটা ভালো অবস্থায় থাকব আশা করি। আবাহনী, শেখ জামালের বড় ম্যাচ আছে। ওরা পয়েন্ট হারালে আমরা একটু এগোব।’
মোহামেডানকে এখন অন্যের পয়েন্ট হারানোর দিকে তাকিয়ে থাকতে হয়!
দিনের অন্য খেলায় ফেনী সকার ১-১ গোলে ড্র করেছে উত্তর বারিধারার সঙ্গে।