এবার দক্ষিণ আফ্রিকাকে হারাল জিম্বাবুয়ে
জিতেই চলেছে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে হারানোর পর আজ বুধবার দক্ষিণ আফ্রিকাকে ২৯ রানে হারিয়ে স্বাগতিক দল।দুই ম্যাচ খেলে দুটিতেই জয়! এ যেন সত্যি অন্য এক জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত আজকের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর। টেইলরের সিদ্ধান্তটা যে যথার্থ ছিল, শত রানের চেয়েও বড় জুটি গড়ে তা প্রমাণ করেন উদ্বোধনী দুই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকা বোলারদের চোখ রাঙিয়ে শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ১৪৭ রান তুলতেই ইনিংসের চার বল বাকি থাকতে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।ভুসি সিবান্দা ও হ্যামিল্টন মাসাকাদজার উদ্বোধনী জুটিতে ১১৪ রান তোলে জিম্বাবুয়ে। ৩৯ বলে ৫৫ রানের ইনিংস খেলে সবার আগে সাজঘরে ফেরেন মাসাকাদজা। এরপর অধিনায়ক টেইলরকে সঙ্গে নিয়ে এগিয়ে যান সিবান্দা। তবে বেশি দূর যেতে পারেননি। দলীয় সংগ্রহে আর ১৪ রান যোগ হতেই পারনেলের শিকারে পরিণত হন তিনি। ততক্ষণে ৫০ বলে সিবান্দার সংগ্রহ দাঁড়ায় ৫৮ রান। চিগুম্বুরাকেও (০) একই ওভারে ফেরান পারনেল। ইনিংসের শেষ ওভারে টেইলর আউট হন ব্যক্তিগত ৩৮ রানে।দক্ষিণ আফ্রিকার শুরুটাও দুর্দান্ত হয়েছিল। পাঁচ ওভার শেষে দলটির সংগ্রহ ছিল ১ উইকেটে ৪৫ রান। ৮ ওভার শেষে সংগ্রহ ১ উইকেটে ৭৩ রান। মনে হচ্ছিল, হেসে-খেলে জিম্বাবুয়েকে হারাবে দক্ষিণ আফ্রিকা। তবে খেলার দৃশ্যপট দ্রুতই পাল্টে যায়।৭৪ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে দক্ষিণ আফ্রিকার। এরপর নিয়মিত উইকেট পড়তে থাকে। একপর্যায়ে ১৯.২ ওভারে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন ইনগ্রাম। লেভির সংগ্রহ ৪০ রান। এরপর উল্লেখযোগ্য স্কোর বলতে পিটারসনের ১৩, আমলার ১১ ও মরকেলের ১০। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারে তাণ্ডব চালিয়ে এমপুফো ও ক্রেমার প্রত্যেকে তিনটি করে উইকেট শিকার করেন।সংক্ষিপ্ত স্কোর:জিম্বাবুয়ে: ১৭৬/৪ (২০ ওভার)সিবান্দা ৫৮, মাসাকাদজা ৫৫পারনেল ৩৩/২দক্ষিণ আফ্রিকা: ১৪৭/১০ (১৯.২ ওভার)ইনগ্রাম ৪৮, লেভি ৪০এমপুফো ২০/৩, ক্রেমার ২৯/৩ফল: জিম্বাবুয়ে ২৯ রানে জয়ী।