এবার দুই পাকিস্তানি আম্পায়ার নিষিদ্ধ
ভারতীয় টেলিভিশন ‘ইন্ডিয়া টিভি’র ছদ্মবেশী সাংবাদিকদের গোপন ক্যামেরার সামনে অর্থের বিনিময়ে স্পট ফিক্সিং করতে রাজি হওয়ায় এবার নিষিদ্ধ হলেন দুই পাকিস্তানি আম্পায়ার। নাদিম ঘৌরি চার ও আনিস সিদ্দিকী তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। একই ঘটনায় গত মাসের মাঝামাঝি সময়ে ১০ বছরের জন্য নিষিদ্ধ হন বাংলাদেশি আম্পায়ার নাদির শাহ।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ শনিবার নাদিম ঘৌরি ও আনিস সিদ্দিকীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ইন্টিগ্রিটি কমিটি। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট ম্যাচ পরিচালনা করতে পারবেন না তাঁরা।সাবেক টেস্ট স্পিনার ঘৌরি ১৩ বছরের আম্পায়ারিং করেছেন। এর মধ্যে ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত পাঁচটি টেস্ট, ৪৩টি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। আনিস সিদ্দিকীর অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা নেই। আট বছর বিভিন্ন ঘরোয়া ম্যাচ পরিচালনা করেছেন তিনি।দুই আম্পায়ারের নিষিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করে পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ বলেন, ‘ক্রিকেটে দুর্নীতি বা শৃঙ্খলা-ভঙ্গের ক্ষেত্রে পিসিবি কোনো ধরনের ছাড় দেবে না। ক্রিকেটার বা আম্পায়ারদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আজকের সিদ্ধান্তই প্রমাণ করে, ক্রিকেট থেকে দুর্নীতি দূর করতে পিসিবি প্রতিশ্রুতিবদ্ধ।’গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছদ্মবেশী সাংবাদিকের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ছয় আম্পায়ারকে ফাঁদে ফেলে ইন্ডিয়া টিভি। বাংলাদেশেরে নাদির শাহ ছাড়াও ‘অপারেশন ওয়ার্ল্ড কাপ’ নামের ওই অভিযানের ফাঁদে পা দিয়েছিলেন পাকিস্তানের নাদিম ঘৌরি, আনিস সিদ্দিকী এবং শ্রীলঙ্কার গামিনি দেশানায়েকে, মরিস উইনস্টন ও সাগারা গালাগে। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশের আরেক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদকেও। তবে ছদ্মবেশী সাংবাদিকের প্রস্তাবে সাড়া দেননি তিনি।