এবার দুইয়ের লড়াই
দু দলেরই লক্ষ্য অভিন্ন—৭৫ হাজার মার্কিন ডলার! ঠিক এই পরিমাণ অর্থপ্রাপ্তি ইতিমধ্যেই নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। তবে সেটা বেজার মনে, ভারত যে নিশ্চিত করেছে এর চেয়েও এক লাখ ডলার বেশি! প্রতিবছর ১ এপ্রিল টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলকে ১ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার পুরস্কার দেয় আইসিসি, দুইয়ে থাকা দলকে ৭৫ হাজার ডলার। টেস্টে কোন দল কত পাচ্ছে, সে হিসাব চুকেবুকে গেছে। ওয়ানডের ১ লাখ ৭৫ হাজারের হিসাবটাও শেষ—১৩৪ পয়েন্ট পেয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। হিসাব-নিকাশ বাকি কেবল ওই ৭৫ হাজার ডলারের। ১২১ পয়েন্ট পেয়ে দুইয়ে আছে ভারত, ২ পয়েন্ট পেছনেই দক্ষিণ আফ্রিকা। সিরিজ যে জিতবে, ৭৫ হাজার ডলার তাদের। জয়পুরে আজ থেকে শুরু তিন ওয়ানডের সিরিজে লড়াইটা তাই শুধু দুইয়ে ওঠার নয়, টাকারও!শেষ টেস্টের শ্বাসরুদ্ধকর জয়ে ভারতের আত্মবিশ্বাস এখন তুঙ্গে, তবে লড়াইয়ে নামার আগেই তাদের অনেকটা পিছিয়ে দিয়েছে ইনজুরি। যুবরাজ সিং তো আগে থেকেই নেই, কলকাতা টেস্টে কুঁচকির ইনজুরিতে পড়ায় খেলতে পারছেন না আরেক বাঁহাতি গৌতম গম্ভীরও। বোলিং লাইনআপে নেই দলের সেরা দুই অস্ত্র জহির খান ও হরভজন সিং। জহিরের অভাবটাই ভোগাবে বেশি। শুধু দলের সেরা পেসার বলেই নয়, সতীর্থ বোলারদের আগলে রাখা, নির্দেশনা দেওয়া সবকিছুতেই অগ্রণী ভূমিকা থাকে এই বাঁহাতির। বোনের বিয়ের জন্য প্রথম দুই ম্যাচে নেই হরভজন। আশীষ নেহরার সঙ্গে নতুন বল হাতে নেবেন শ্রীশান্ত। তৃতীয় পেসার দুই উত্তরপ্রদেশ সতীর্থ সুদীপ তিয়াগি ও প্রাভিন কুমারের মধ্যে একজন। স্পিনে অমিত মিশ্রকে সঙ্গ দেবেন দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ইউসুফ পাঠান।ইনজুরি সমস্যা আছে দক্ষিণ আফ্রিকা দলেও, তবে ভারতের মতো এতটা নয়। আঙুলের ইনজুরিতে সিরিজে নেই গ্রায়েম স্মিথ, নেতৃত্ব দেবেন অলরাউন্ডার জ্যাক ক্যালিস। স্মিথের না থাকাটা ‘শাপে বর’ হয়েও যেতে পারে, প্রথমে ওয়ানডে দলে না থাকলেও স্মিথের বদলি হিসেবে রেখে দেওয়া হয়েছে হাশিম আমলাকে। টেস্ট সিরিজে যেভাবে খেলেছেন, ভারতের আলো-বাতাস আর বোলিংকে আমলার এখন হাতের তালুর মতোই চেনা লাগতে পারে। ওয়ানডেতেও সফল হলেও তাই অবাক হওয়ার কিছু থাকবে না। ডেল স্টেইনের পেস, মরনে মরকেলের বাউন্স আর ওয়েইন পারনেলের অ্যাঙ্গেল—ভারতীয় ব্যাটসম্যানদের বেগ দেওয়ার মতো বোলিং আক্রমণ দক্ষিণ আফ্রিকানদের আছে। তবে লড়াইটা শেষ পর্যন্ত হতে পারে দুই দলের ব্যাটসম্যানদেরই। সোয়াই মানসিং স্টেডিয়ামের দুই পিচ কিউরেটরই বলেছেন, ‘উইকেট একেবারে ব্যাটিং স্বর্গ!’ ওয়ানডে সিরিজটা ভারতের জন্য পরীক্ষা আয়োজক হিসেবেও। ২০১১ বিশ্বকাপে সন্ত্রাসী হামলার হুমকিকে সামনে রেখে সিরিজে নিরাপত্তার দিকে সতর্ক দৃষ্টি রাখবে আইসিসিও। নিরাপত্তার চাদরে তাই মুড়ে দেওয়া হয়েছে জয়পুরকে। এমনকি ‘পিঙ্ক সিটির’ আকাশেও থাকবে বিমানবাহিনীর টহল! ওয়েবসাইট।