এবার দেখা যাবে আসল স্পেনকে!
ভিসেন্তে দেল বস্ক কি হাসলেন? বার দুয়েক তেমনই তো মনে হলো। স্প্যানিশ কোচের মুখের হাসিকে কোনো সন্দেহ ছাড়াই পৃথিবীর সবচেয়ে দুষ্প্রাপ্য জিনিসের তালিকায় ফেলা যায়। পরশু চিলির বিপক্ষে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর সব সময়ই সিরিয়াস চেহারার দেল বস্কের মুখের রেখাগুলোও যেন অনেকটা নরম হয়ে এল। হেসেছেন কি না, তা নিয়ে তর্ক হতে পারে। তাঁর চোখেমুখে স্বস্তির আভা যে ছিল, এটা নিশ্চিত।সুইজারল্যাল্ডের কাছে হেরে পুরো ফুটবল-বিশ্বকে হতভম্ব করে দেওয়ার পাশাপাশি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কাতে পড়ে গিয়েছিল স্পেন। পরশু প্রিটোরিয়ার লফটাস ভার্সফেল্ড স্টেডিয়ামে চিলিকে ২-১ গোলে হারিয়ে শেষ পর্যন্ত গ্রুপ পর্ব শেষ করেছে শীর্ষে থেকেই। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার পাশাপাশি এড়িয়েছে তারা আরেক ফেবারিট ব্রাজিলকেও। ম্যাচ শেষে দেল বস্কের প্রতিক্রিয়ায় ছিল বুক থেকে পাষাণ ভার নেমে যাওয়ার স্বস্তি, ‘আমার ধারণা, আমরা একটা কঠিন সময়কে জয় করতে পেরেছি। সুইজারল্যান্ডের কাছে হারটা ছিল বড় ধাক্কা। শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবে শেষ হওয়াটা অবশ্যই খুব স্বস্তির।’পরশু স্পেনের শুরুটা ঠিক তাদের মতো হয়নি। লাল জার্সি গায়ে মাঠে নামা চিলিকেই বরং মনে হচ্ছিল স্পেন, বলের দখল পেতেই ধুঁকতে হচ্ছিল নিজেদের দ্বিতীয় জার্সি (কালচে নীল জার্সি) গায়ে নামা স্পেনকে। সবকিছু পাল্টে দেয় খেলার ধারার বিপরীতে স্পেনের প্রথম গোল। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে দ্রুতগতিতে এগোতে থাকা ফার্নান্দো তোরেসকে ঠেকাতে বক্সের অনেক বাইরে চলে আসেন চিলির গোলকিপার ক্লডিও ব্রাভো। ডাইভ দিয়ে বলে পা লাগিয়েছিলেনও তিনি, তবে বল চলে যায় পেছনে থাকা ডেভিড ভিয়ার কাছে। চিলির সীমানায় মাঝমাঠের প্রায় কাছাকাছি বাম পাশের টাচলাইন থেকে নেওয়া ভিয়ার বাঁ পায়ের শট ঢুকে যায় গোলকিপারহীন গোলে। আগের দুটির মতো এই বিশ্বকাপে ভিয়ার তৃতীয় গোলটিও হলো দুর্দান্ত। মোট ৬ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসে স্পেনের সর্বোচ্চ গোলদাতাও এখন এই স্ট্রাইকার। মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার মতে, এই গোলটিই ঘুরিয়ে দেয় খেলার মোড়, ‘ভিয়ার গোলটি ছিল গুরুত্বপূর্ণ। গোলটা এমন একটা সময়ে আসে যখন আমরা ঠিক ভালো খেলছিলাম না। এর পর থেকেই আমরা ভালো খেলতে শুরু করলাম, ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিলাম।’ দলের দ্বিতীয় গোলটি এসেছে এই ইনিয়েস্তার পা থেকেই। ৩৭ মিনিটে ভিয়ার সঙ্গে দারুণ এক ‘ওয়ান টু ওয়ান’, বক্সের ভেতর থেকে ঠান্ডা মাথায় চিলির গোলকিপারের পাশ দিয়ে বল জালে জড়ান এই মিডফিল্ডার। বক্সের আরেক পাশে তখন হয়ে যায় এক পশলা নাটক। তোরেসকে ফাউল করার অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় চিলি ডিফেন্ডার মার্কো এস্ত্রাদাকে। যদিও টিভি রিপ্লেতে দেখা যায় এস্ত্রাদা ইচ্ছা করে মারেননি, তাঁর পায়ে লেগে পড়ে যান তোরেস।১০ জন নিয়েও অবশ্য দারুণ খেলেছে চিলি। ৪৬ মিনিটে একটি গোল শোধও করে দেয় তারা। বক্সের কাছাকাছি জায়গা থেকে নেওয়া রদ্রিগো মিলারের শট জেরার্ড পিকের পায়ে লেগে ইকার ক্যাসিয়াসকে বোকা বানিয়ে জালে ঢুকে যায়। এরপর আর খেলা খুব একটা জমেনি। ১০ জন নিয়ে খেলেও স্পেনকে বেগ দেওয়ার কৃতিত্বে চিলিকে প্রশংসায় ভরিয়েছেন দেল বস্ক। সঙ্গে জানিয়ে দিয়েছেন এবার দেখা যাবে আসল স্পেনকে, ‘সুইজারল্যান্ডের কাছে হারের পর আমরা হতভম্ব হয়ে পড়েছিলাম। এর প্রভাব খেলাতেও পড়েছিল। এখন আমরা সত্যিকার অর্থেই আত্মবিশ্বাসী হয়ে উঠব এবং এর ছাপ দেখা যাবে আমাদের মাঠের পারফরম্যান্সেও।’ ২৯ জুন দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে স্পেন মুখোমুখি হবে পর্তুগালের। এএফপি।