এবার দেশের জন্য ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মৌসুমে কিছুই জেতেননি। ২০০২ সালের পর এই প্রথম একটা মৌসুম খালি হাতে ফিরলেন রজার ফেদেরার। নিজের জন্য কিছুই জিততে না পারা এই সুইস তারকা এবার জিততে চান দেশের জন্য। ফেদেরারের সব মনোযোগ এখন ডেভিস কাপকে ঘিরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের হয়ে খেলতে রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক এখন সিডনিতে।আজ আরেক সাবেক এক নম্বর লেটন হিউয়িটের মুখোমুখি হবেন। রোববার স্তানিসলাস ওয়ারিঙ্কার সঙ্গে জুটি বেঁধে খেলবেন অস্ট্রেলিয়ার হিউয়িট-টমিচ জুটির বিপক্ষে, রয়্যাল সিডনি গলফ ক্লাবের ঘাসের কোর্টে।এমনিতে ম্যাচটি অনায়াসেই জেতার কথা ফেদেরারের। হিউয়িটের বিপক্ষে তাঁর মুখোমুখি লড়াইয়ের রেকর্ডটি একপেশে—১৭-৮। কিন্তু সর্বশেষ ঘাসের কোর্টে সাক্ষাতে হিউয়িটের কাছে হেরে গিয়েছিলেন ফেদেরার। গত বছর হলেও ফেদেরারের বিপক্ষে টানা ১৫ ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছিলেন হিউয়িট ওই ম্যাচেই। ওই জয় তো বটেই, হিউয়িটের নিশ্চয়ই মনে পড়বে ২০০৩ ডেভিস কাপের সেমিফাইনালেও ফেদেরারকে তিনি হারিয়ে দিয়েছিলেন।তবে সদ্য সমাপ্ত ইউএস ওপেনের সেমিফাইনালে ম্যাচ পয়েন্টের জন্য সার্ভ করা অবস্থায় থেকেও হেরে যাওয়া ফেদেরার কিন্তু ফুঁসে আছেন। তবে মুখে বলছেন জোকোভিচের কাছে এই পরাজয়ের চেয়ে তাঁকে বেশি পোড়ায় ২০০৩ ডেভিস কাপের হারটিই, ‘আমি এখনো মনে করি, ওটাই আমার জন্য সবচেয়ে কঠিন পরাজয়। লোকে হয়তো জোকোভিচের কাছে হারের কথা বলবে। তবে ২০০৩ সালে লেটনের কাছে পরাজয়ের সঙ্গে এর তুলনা চলে না। কারণ, ম্যাচটা আমার জেতাই উচিত ছিল—এই অনুভূতি আমাকে বেশ পুড়িয়েছে। তা ছাড়া আমার বয়সও আর এখন ২২ নয়, ৩০। এখন পরাজয় সহজভাবে নিই, কিন্তু তখন পরাজয় ছিল আমার কাছে খুবই কঠিন অভিজ্ঞতা।’ রয়টার্স।