এবার দোলেশ্বরের শিকার ব্রাদার্স
জিতলেই গাজী ট্যাংকের সঙ্গে যৌথভাবে লিগের শীর্ষে উঠে যেত ব্রাদার্স ইউনিয়ন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২৫১ রান তোলা ব্রাদার্স হয়তো সেই স্বপ্নও দেখছিল। কিন্তু হিসাব গড়বড় করে দিল প্রাইম দোলেশ্বর। ২৫১ রান তাড়া করতে নেমে খুব সহজেই তারা ম্যাচ জিতল ৭ উইকেটে, ৯ ওভার হাতে রেখে। বল হাতে ৪ উইকেট পাওয়ার পর ব্যাটিংয়েও অপরাজিত হাফ সেঞ্চুরি করেন দোলেশ্বরের জয়ের নায়ক অলরাউন্ডার সাব্বির রুম্মান।
চমক জাগানো দল দোলেশ্বরকে হারিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে এবার উল্টো চমক দেখিয়েছিল খেলাঘর। লিগে এখন পর্যন্ত সেটাই ওদের একমাত্র জয়। তবে বিকেএসপিতে গতকাল মোহামেডানকে ২০৫ রানে বেঁধে ফেলে দ্বিতীয় জয়ের স্বপ্ন দেখছিল খেলাঘর। পরে নিজেরা ১৯৫ রানে অলআউট হয়ে যাওয়ায় স্বপ্নটা তাদের স্বপ্নই থেকে গেছে।
ইমতিয়াজ হোসেন ও নাফীস ইকবালের জোড়া অর্ধশতকে আগে ব্যাট করে দোলেশ্বরকে ২৫১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ব্রাদার্স। তবে তাড়া করতে নামা দোলেশ্বরের কাছে লক্ষ্যটা কঠিন মনে হয়নি একটিবারের জন্যও। মাত্র ৬ রান করে জোসুয়া কব ফিরে গেলেও মেহেদি মারুফ (৫৪), রনি তালুকদার (৫৭), ডেভিড মালান (৮৩) ও সাব্বির রুম্মানের (৫১) চারটি হাফ সেঞ্চুরিতে সহজেই ম্যাচ জিতে নেয় দোলেশ্বর।
বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডানের ছোট পুঁজিটাই পাহাড়সম হয়ে ওঠে দেলোয়ার হোসেন আর সামিউল্লাহ শেনওয়ারির দুর্দান্ত বোলিংয়ে। মাত্র ২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন পেসার দেলোয়ার। খেলাঘরের তিনটি উইকেট ফেলে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন শেনওয়ারি। আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মোহামেডান পয়েন্ট তালিকার ৫ নম্বরে। সমান ম্যাচে মাত্র ২ পয়েট নিয়ে খেলাঘর পয়েন্ট তালিকার সবার নিচে।
সং ক্ষি প্ত স্কো র
মোহামেডান-খেলাঘর, বিকেএসপি
মোহামেডান: ৫০ ওভারে ২০৫/৮ (এজাজ ১৪, রাজিন ৬০, স্টানিকজাই ১, সায়েম ১০, নবী ৬, ধীমান ৭, শেনওয়ারি ৩৯, দেলোয়ার ৩৩, মুক্তার ২৪*, হাবিবুর ১*; আরিফুল ০/১১, মাসুম ০/৩১, ফয়সাল ২/৩৪, মুলানি ০/৩৬, আল মাহমুদুল ০/১৪, ফোরকান ২/৪৬, নিজামউদ্দিন ১/৩০)। খেলাঘর: ৪৯.১ ওভারে ১৯৫ (ভ্যানডর্ট ০, নিয়াজ ২১, হাউসেগো ৫৩, আরিফুল ২, মুলানি ০, ফয়সাল ২০, নিজামউদ্দিন ৩০, আল মাহমুদুল ২৪, জাকারিয়া ৭, মাসুম ২৭, ফোরকান ২*; দেলোয়ার ৪/২৫, স্টানিকজাই ০/২৪, শেনওয়ারি ৩/৫৫, মুরাদ ২/২৫, নবী ১/৪৭, হাবিবুর ০/১৫)।
ফল: মোহামেডান ১০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: দেলোয়ার হোসেন (মোহামেডান)।
ব্রাদার্স-প্রাইম দোলেশ্বর, বগুড়া
ব্রাদার্স: ৫০ ওভারে ২৫১/৯ (ইমতিয়াজ ৫৪, মেহরাব জু. ৩৬, নাফীস ৫৮, সামারাবীরা ৪২, অলক ৩২, আরভিন ১, ক্রস ৫, নাজমুস ৫, সোহরাওয়ার্দী ১, সানজামুল ১*, তারেক ০*; শফিউল ২/৪৪, আশরাফুল ০/৩৪, ফরহাদ রেজা ০/৫৩, রনি ০/৯, তাইজুল ২/৪০, কব ০/৩০, সাব্বির ৪/৩৬)। দোলেশ্বর: ৪১ ওভারে ২৫৭/৩ (মেহেদী ৫৪, কব ৬, রনি ৫৭, ম্যালান ৮৩*, সাব্বির ৫১*; তারেক ০/৩৬, আরভিন ১/৫৩, সানজামুল ১/৫১, সোহরাওয়ার্দী ০/৪৭, ইমতিয়াজ ১/৪৬, অলক ০/১১, সামারাবীরা ০/১৩)।
ফল: দোলেশ্বর ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাব্বির রুম্মন (দোলেশ্বর)।