এবার দ্রুত বিদায় নয়: ফার্গুসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমটা চরম বাজে কেটেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। বিদায়-ঘণ্টা বেজেছিল গ্রুপপর্বেই। আজ মঙ্গলবার শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস লিগের এবারের আসরটি তাই ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এক চ্যালেঞ্জই। এবার কত দূর যেতে পারবে অ্যালেক্স ফার্গুসনের দল?তিনবারের ইউরোপসেরা ম্যানচেস্টার ইউনাইটেড কত দূর যেতে পারবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে কোচ অ্যালেক্স ফার্গুসন সবাইকে আশ্বস্ত করেছেন, ‘এবার আর দ্রুত বিদায় নয়।’ ‘অবশ্যই আমরা আগের বছরের চেয়ে ভালো করব। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আর দ্রুত বিদায় নয়।’ ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেছেন ফার্গুসন। চ্যাম্পিয়নস লিগ শুরু হয়ে যাচ্ছে আজই। তবে ম্যানচেস্টার ইউনাইটেড অভিযান শুরু হবে আগামীকাল বুধবার। শক্তির বিচারে প্রতিপক্ষ তুরস্কের ক্লাব গ্যালাতেসারে যথেষ্ট দুর্বলই। ছয় বছর পর এবার চ্যাম্পিয়নস লিগে খেলতে এসেছে তুরস্কের এ দলটি।আগামীকালকের ম্যাচে তারকা খেলোয়াড় ওয়েইন রুনিকে ছাড়াই খেলতে হবে ম্যানইউকে। দীর্ঘ দিন ধরে ইনজুরিতে আছেন রুনি। ইংলিশ এই স্ট্রাইকার এখনো পুরোপুরি ফিট নন। তবে এ ম্যাচে রুনির অভাবটা পুষিয়ে দিতে পারেন রবিন ফন পার্সি।এ পর্যন্ত ছয়টি ইংলিশ ক্লাবের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে অংশ নিয়েছে গ্যালাতেসারে। একটিতেও জয়ের মুখ দেখা হয়নি তাদের। তবে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও লিডস ইউনাইটেডের সঙ্গে ড্রয়ের অভিজ্ঞতা রয়েছে দলটির। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে যে গ্যালাতেসারে ‘আন্ডারডগ’ হিসেবে থাকবে, তা অকপটে স্বীকার করে নিয়েছেন কোচ ফাতিহ তারিম। তিনি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিপক্ষে খেলতে যাচ্ছি আমরা। ওরা যে জয় পেতে চলেছে, এটা কি কেউ অস্বীকার করতে পারবে? তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা হারতে পারি, তাই বলে এ নিয়ে ভয় নেই আমাদের। আমি ও আমার খেলোয়াড়রা যথেষ্ট অভিজ্ঞ। কীভাবে আরও ভালো লড়াই করতে হয় তা জানা আছে আমাদের।’ বার্সেলোনার কাছে হার দিয়ে ২০১১ সালের চ্যাম্পিয়নস লিগ শুরু হয়েছিল ম্যানইউর। ওই আসরে ১১টি ম্যাচে অংশ নেয় ফার্গুসনের দল। কিন্তু জয় আসে মাত্র তিনটিতে। চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরে যায় রেড ডেভিলরা। রয়টার্স।