এবার না উল্টো 'লঙ্কাওয়াশ'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ শেষ। আবারও বাংলাদেশের পরাজয়ে সিরিজজয়ী শ্রীলঙ্কা। কিন্তু সৌজন্য বিনিময় বলে একটা কথা থাকে। প্রতিপক্ষ অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে হাত মেলালেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম । ছবি: শামসুল হক
ম্যাচ শেষ। আবারও বাংলাদেশের পরাজয়ে সিরিজজয়ী শ্রীলঙ্কা। কিন্তু সৌজন্য বিনিময় বলে একটা কথা থাকে। প্রতিপক্ষ অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে হাত মেলালেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম । ছবি: শামসুল হক

আট বছর আগের এক ২২ ফেব্রুয়ারি অনির্বচনীয় এক আনন্দ হয়ে এসেছিল বাংলাদেশের ক্রিকেটে। বড় দলের বিপক্ষে জয় তখনো প্রায় ‘সোনার হরিণ’—সে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সেই জয়ই ধরা দিল ‘গন্ধে ভরা বসন্তেরই সঙ্গীতে’। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। যেটি আরও তাৎপর্যবাহী হয়ে উঠেছিল অন্য একটা কারণে। ম্যাচের আগের দিন শহীদ মিনারে ফুল দিয়ে এসে বাংলাদেশের ক্রিকেটাররা অনুশীলনে নেমেছিলেন মাথায় জাতীয় পতাকা বেঁধে। স্বাভাবিকভাবেই পরদিনের জয়ের সঙ্গে যোগসূত্র খোঁজা হলো সেটির।
কাকতালীয়ভাবে আট বছর পরের আরেকটি ২২ ফেব্রুয়ারিতেও ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর আগের দিন মানে আজ, আরেকটি ২১ ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলের শহীদ মিনারে যাওয়ার সম্ভাবনা না জেনেই ‘নেই’ বলে লিখে দিচ্ছি। মুশফিকুর রহিম অধিনায়ক হিসেবে ভালো, তবে সার্বিক চিন্তাভাবনায় ‘হাবিবুল বাশার’ হতে বলাটা তাঁর কাছ থেকে হয়তো একটু বেশি চাওয়াই।
আট বছর আগের সেই ২২ ফেব্রুয়ারির জয়ে বাংলাদেশের জন্য তখন ‘নিয়তির লিখনে’ পরিণত হোয়াইটওয়াশ এড়ানো নিশ্চিত হয়েছিল। ওয়ানডে সিরিজ তাতে ১-১। এবারের ২২ ফেব্রুয়ারিতে অনেক দিন পর আবার বাংলাদেশকে চোখ রাঙাবে হোয়াইটওয়াশ। সর্বশেষ যে অভিজ্ঞতা হয়েছিল ২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হাতের মুঠো থেকে জয়টা ফেলে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অন্তত সেই আফসোস থাকল না। এই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই শ্রীলঙ্কা। ত্রয়োদশ ওভারে স্কোর যখন ৩ উইকেটে ৬৩, কিছু্ক্ষণের জন্য ম্যাচ সাম্যাবস্থায় ছিল। দ্রুতই সেটিকে শ্রীলঙ্কার দিকে টেনে নেন কুমার সাঙ্গাকারা। ১১৪ রানের জুটিতে আশান প্রিয়াঞ্জন সঙ্গ দিয়েছেন, সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে অ্যাঞ্জেলো ম্যাথুসের ৩৯ বলে ৫৬ রানের প্রলয়নাচন, তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ইনিংসটি আসলে ক্যান্ডির বাঁহাতির আলোতেই আলোকিত।
টেস্ট ক্রিকেটে তাঁর বড় বড় ইনিংসের আড়ালে পড়ে যায়, নইলে ওয়ানডেতেও সাঙ্গাকারা কম যান না। কালকের ম্যাচের আগেই ১২ হাজারের বেশি রান, ১৬টি সেঞ্চুরির সঙ্গে ৮৩টি হাফ সেঞ্চুরি। দ্বিতীয় সংখ্যাটা ‘৮৪’ হয়ে যাওয়ার পর নিশ্চয়ই তাঁর মনে পড়ে থাকবে, গত বছর জুলাইয়ে ক্যারিয়ার-সর্বোচ্চ ১৬৯ রানের ইনিংসটি খেলার পর ১৩ ইনিংসে ৬ বার পঞ্চাশ ছুঁলেও সেঞ্চুরি আর পাওয়া হয়নি। বন্ধু মাহেলা জয়াবর্ধনের সঙ্গে মিলে কলম্বোতে ‘মিনিস্ট্রি অব ক্র্যাব’ নামে নামি রেস্তোরাঁ দিয়েছেন। ‘ক্র্যাব’ মানে কাঁকড়া খেতে নিজেও খুব পছন্দ করেন, তবে সাঙ্গাকারার সবচেয়ে প্রিয় খাবার বোধ হয় ‘রান’! রানক্ষুধার দিক থেকে তাঁকে ছাড়িয়ে যেতে পারেন, এমন ব্যাটসম্যান বর্তমান ক্রিকেটে আছে কি না সন্দেহ। সেঞ্চুরি করার এমন সুবর্ণ সুযোগ তিনি ছাড়বেন কেন!
সেই সেঞ্চুরি এল রুবেলের বলে দুর্দান্ত এক কাভার ড্রাইভে মারা বাউন্ডারিতে। ৪৭তম ওভারে আরাফাত সানির বলে লং অনে মাহমুদউল্লাহর দারুণ এক ক্যাচে যখন ফিরে গেলেন, ম্যাচ বাংলাদেশের প্রায় হাতছাড়া হয়ে গেছে। ইনিংসের ২২ বল তখনো বাকি এবং স্কোরবোর্ডে ২৬০। শ্রীলঙ্কার বিপক্ষে এর আগের ৩৪টি ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরই তো ২৬৫।
এই ইতিহাস বিবেচনায় নিলে ম্যাচ আসলে শ্রীলঙ্কার ইনিংসের পরই শেষ। তবে ইতিহাস তো এটাও জানায় যে এর চেয়েও বড় স্কোর তাড়া করে বাংলাদেশের তিনটি জয় আছে। কেন যেন মনে হচ্ছে, সেই ইতিহাস থেকে প্রেরণা নেওয়ার মতো আত্মবিশ্বাসটাই এই দলে অনুপস্থিত। কিছুটা যদি থেকেও থাকে, চতুর্থ বলেই উইকেট হারিয়ে সেটিও শেষ। এনামুল তার পরও কিছুক্ষণের জন্য একটু অন্য রকম ভাবিয়েছিলেন। যে মালিঙ্গার প্রথম ২০ বলের ১৯টিই ‘ডট’, তাঁরই পরের চার বল থেকে টানা তিনটি চারসহ ১৩ রান তুলে নিয়ে লড়াইয়ের একটা বার্তা ছড়িয়ে দিয়েছিলেন এই ওপেনার।
সেটি হারিয়ে যেতে বেশিক্ষণ লাগেনি। মমিনুল একটা ‘জীবন’ পেয়েও ১৫ রানের বেশি করতে পারলেন না। সাকিব ও নাসির দুজনই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে গিয়ে থেমে গেলেন বিশের ঘরেই। এনামুল ফিরে গেছেন তাঁদের আগেই। মুশফিকুরের ৭৯ ইনিংসের সর্বোচ্চ, কিন্তু অন্য প্রান্তে আসা-যাওয়ায় কখনোই সেটি ম্যাচ জেতানোর আশা জাগাতে পারেনি। হয়ে থেকেছে শুধু মান বাঁচানোর লড়াই-ই।
বাংলাদেশের ব্যাটিং ব্যবচ্ছেদ করলেও নিশ্চয়ই সমালোচনার অনেক কিছুই পাওয়া যাবে। তবে এই হারের ময়নাতদন্তে সেটি ছাপিয়ে বড় হয়ে উঠছে বোলিং আর ফিল্ডিং। যেটি বড় একটা প্রশ্নের সামনেও দাঁড় করিয়ে দেবে বাংলাদেশের বোলারদের—৩০ ওভার শেষে ১৪১ কীভাবে ৫০ ওভার শেষে ২৮৯ হয়ে যায়?
হয়েছে শেষ ১০ ওভারেই শ্রীলঙ্কা ১০০ রান তুলে ফেলায়। ৫ ওভারের প্রথম স্পেলে রুবেলের ২২ রানে ২ উইকেট, ৩ ওভারের শেষ স্পেলে সেই তিনিই দিলেন ৩৩ রান! যেটি জাগিয়ে তুলল সেই পুরোনো আক্ষেপটাও। ‘ডেথ ওভারে’ নির্ভর করা যায়, এমন একজন বোলার যে বাংলাদেশ কবে পাবে!
রুবেল অবশ্য পাল্টা বলতেই পারেন, ওই তিন ওভারে যে দুটি ক্যাচ পড়ল, সেটি দেখছেন না কেন? উইকেট পড়লে কি আর রানের চাকাটা এমন বনবন করে ঘোরে নাকি! এই একটা জায়গায় বাংলাদেশ আশ্চর্য ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছে! দুদিন আগে প্রথম ওয়ানডেতে চারটি ক্যাচ পড়েছিল। দ্বিতীয় ওয়ানডেতেও চারটি!
ধারাবাহিকতায় যেখানে ছেদ পড়ছে, তা হলো জয়ের অভ্যাস। যাতে দেশের মাটিতে ‘অজেয়’ ভাবমূর্তিতে এখন কালির ছোপ। ২০১২ এশিয়া কাপ, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড—গৌরবের একেকটি আখ্যান। এর মধ্যে শেষটি তো উজ্জ্বল বাংলাওয়াশের মহিমায়।
সেই ‘বাংলাওয়াশ’ এবার না ‘লঙ্কাওয়াশ’ হয়ে যায়!

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৯/৬
বাংলাদেশ: ৪৩ ওভারে ২২৮
ফল: শ্রীলঙ্কা ৬১ রানে জয়ী