এবার নায়ক ডি মারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেনা মানুষ, চেনা ফর্ম, চেনা উদ্‌যাপন! পরশু ছিল অ্যাঙ্গেল ডি মারিয়ার আড়াল থেকে আলোতে আসার দিন। রিয়াল মাদ্রিদ উইঙ্গারের গোলে শেষ আটে আর্জেন্টিনা l এএফপি
চেনা মানুষ, চেনা ফর্ম, চেনা উদ্‌যাপন! পরশু ছিল অ্যাঙ্গেল ডি মারিয়ার আড়াল থেকে আলোতে আসার দিন। রিয়াল মাদ্রিদ উইঙ্গারের গোলে শেষ আটে আর্জেন্টিনা l এএফপি

ম্যাচের প্রায় ১১৭ মিনিট শেষ। খেলোয়াড়দের ‘ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু’ দশা। মনে হচ্ছিল টাইব্রেকারেই বুঝি গড়াবে ম্যাচটা । হঠাৎ করে একটা বল পেয়ে গেলেন লিওনেল মেসি। দুর্দান্তভাবে সুইস ডিফেন্ডারদের ছিটকে বেরিয়ে গেলেন। চাইলে শটটা হয়তো নিজেও নিতে পারতেন, কিন্তু মেসি বলটা বাড়িয়ে দিলেন ডানে। চিলের মতো উড়ে এসে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। শেষ পর্যন্ত সুইসদের ‘লখিন্দরের বাসরঘরে’ ঢুকতে পারল আর্জেন্টিনা।
গোল অবশ্য ডি মারিয়া আগেই পেতে পারতেন। সুইস গোলপোস্টে দূর থেকে ১২টি শট নিয়েছেন। কিন্তু তাদের গোলরক্ষক ডিয়েগো বেনাগিলো দাঁড়িয়ে গিয়েছিলেন বাধার প্রাচীর হয়ে। অন্তত দুবার নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেছেন ডি মারিয়াকে।
শট করেছেন তো বটেই, ডি মারিয়া আসলে পুরো মাঠেই ঘুরেছেন চরকির মতো। কখনো নিজেকে ডান প্রান্তে নিয়ে গেছেন, আবার মাঝেমধ্যেই প্রান্ত বদল করেছেন। দরকার হলে নিচে গিয়ে বল নিয়ে এসেছেন। সতীর্থ হাভিয়ের মাচেরানো তো এমনি এমনি বলেননি, ‘সে অসাধারণ একজন খেলোয়াড়। মাঠের প্রতিটা ঘাসেই ওর পায়ের ছোঁয়া। ফিটনেসের কারণে তো বটেই, ট্যাকটিকসের কারণেও সে দুর্দান্ত, ওর বিরুদ্ধে খেলা আসলেই খুব কঠিন।’ বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের ডি মারিয়াকে তো অনেকবারই সামলাতে হয়েছে মাচেরানোকে।
এই টুর্নামেন্টে পরশু রাত পর্যন্ত ভূমিকা ছিল পার্শ্বনায়কের। নাইজেরিয়ার সঙ্গে মেসির প্রথম গোলটা তো বলতে গেলে মারিয়াই করে ফেলেছিলেন। সেই ভূমিকায় তিনি অবশ্য ক্লাব থেকেই অভ্যস্ত, রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে তো কম গোল করাননি। বিশ্বকাপের আগে বলেছিলেনও, ‘ম্যারাডোনাকে যেমন তাঁর সতীর্থরা খেলিয়েছিলেন, মেসিকে দিয়ে আমাদেরও সে রকম খেলাতে হবে।’ পরশু ভূমিকাটা হয়ে গেল উল্টো, এবার মেসিই গোল করালেন তাঁকে দিয়ে।
ডি মারিয়া গোলের কৃতিত্ব ভাগ করে দিলেন সতীর্থদের মধ্যেই, ‘নায়ক আমি ছিলাম না, সেটা ছিল আমাদের ২৩ জন খেলোয়াড় ও স্টাফরা। আমরা নিজেদের জান-প্রাণ সবকিছুই দিয়ে দিয়েছিলাম। আমার মনে হয় জয়টা আমাদের প্রাপ্যের চেয়েও খানিকটা বেশি ছিল। আমাদের এভাবেই খেলে যেতে হবে।’
এমন আর কয়েকজন ডি মারিয়া থাকলে আর্জেন্টিনাকে ঠেকায় কে! ফিফাডটকম।