এবার নিউমোনিয়ায় আক্রান্ত মোহাম্মদ আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আলী এবার নিউমোনিয়ায় আক্রান্ত ছবি: দ্য টেলিগ্রাফ
মোহাম্মদ আলী এবার নিউমোনিয়ায় আক্রান্ত ছবি: দ্য টেলিগ্রাফ

শরীরটা বেশ কিছু দিন ধরেই ভালো যাচ্ছে না বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীর। পার্কিনসন্সসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যা একেবারেই কাবু করে ফেলেছে তাঁকে। সম্প্রতি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রেও কাটিয়ে এসেছেন বেশ কিছু দিন। হাসপাতাল থেকে ছাড়া পেলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনেই আছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’—এমন তথ্যও গণমাধ্যমকে জানানো হচ্ছিল। গতকাল শনিবার রাতে তাঁকে আবারও ভর্তি করতে হয়েছে হাসপাতালে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েই নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই মুষ্টিযোদ্ধা।
ডেইলি টেলিগ্রাফের খবরে জানা গেছে, তাঁর নিউমোনিয়ার ধরন খুব মারাত্মক নয়। তবে তাঁকে সামনের কয়েকটা দিন হাসপাতালেই কাটাতে হবে। তাঁকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেই তথ্য অবশ্য তাঁর পারিবারিক সূত্র প্রকাশ করেনি।
৭২ বছর বয়সী এই বক্সিং-কিংবদন্তি তাঁর খেলোয়াড়ি জীবনে ৬১টি পেশাদার লড়াইয়ে অংশ নিয়ে ৫৬টিতেই জয়ের স্বাদ নিয়েছিলেন। সনি লিস্টন, জো ফ্রেজিয়ার প্রমুখ প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে তাঁর লড়াইগুলো সর্বকালের সেরা মর্যাদাই পেয়েছে। ১৯৬০ সালে রোম অলিম্পিকের বক্সিং ইভেন্টে সোনার পদক জিতেছিলেন পরবর্তী সময়ে ইসলাম ধর্মে দীক্ষিত এই মার্কিন বক্সার।