এবার নিষেধাজ্ঞার খড়্গে পানেসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্টি পানেসার
মন্টি পানেসার

পানশালায় মাতাল অবস্থায় অস্বাভাবিক কাজকর্ম করে বেশ ভালোই সমালোচিত হয়েছিলেন মন্টি পানেসার। তার পরও ইংল্যান্ডের অ্যাশেজ দলে জায়গা করে নিতে পেরেছেন ইংলিশ এই অফস্পিনার। কিন্তু আবারও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছেন পানেসার। কাউন্টি ক্রিকেটে প্রতিপক্ষের সঙ্গে মারমুখী আচরণ করায় তাঁকে নিষিদ্ধ করা হয়েছে এক ম্যাচের জন্য। নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন পানেসার।

ঘটনাটা অবশ্য এই মাসের শুরুর দিকের। কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে খেলার সময় প্রতিপক্ষ উস্টারশায়ারের ব্যাটসম্যান রস হোয়াইটলের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেছিলেন পানেসার। পরিস্থিতি শান্ত করার জন্য হস্তক্ষেপ করতে হয়েছিল অভিজ্ঞ আম্পায়ার পিটার উইলিকে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড মনে করেছে, পানেসারের আচরণ ছিল ‘ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার শামিল।’ এমন আচরণের জন্য পানেসার নিজেও দুঃখ প্রকাশ করেছেন। এই নিষেধাজ্ঞা অবশ্য শুধুই কাউন্টি ক্রিকেটের জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে এর কোনো প্রভাব পড়বে না।

গত আগস্টে নৈশ ক্লাবে বাউন্সারের গায়ে মূত্রত্যাগ-কাণ্ড ঘটিয়ে হইচই ফেলে দিয়েছিলেন পানেসার। তার পরও যে ইংল্যান্ডের অ্যাশেজ দলে সুযোগ পেয়েছেন, সেজন্য সৌভাগ্যবানই বলতে হবে ইংলিশ স্পিনারকে। সাসেক্স থেকে ধারে খেলতে এসেছিলেন এসেক্সে। সেখানে ৫ ম্যাচে ১২ উইকেট নিয়েই নজর কেড়েছেন ইংল্যান্ডের নির্বাচকদের।