এবার নৌবাহিনীর ৪৩ গোল
জাতীয় হকি চ্যাম্পিয়নশিপে বড় দলগুলো গোলবন্যা বইয়ে দিচ্ছে। এভাবে বললেও আসল ছবিটা ফুটে ওঠে না। আসলে গোল সুনামি চলছে মওলানা ভাসানী স্টেডিয়ামে, অন্যভাবে বললে ছেলেখেলাও। যেখানে দুর্বল জেলা দলগুলো অসহায়, গোলের ভারী বোঝা পিঠে নিয়ে মাঠ ছাড়ছে।
তিন দিন আগে নৌবাহিনী ৩১ গোল দিয়েছিল গাজীপুরের পোস্টে। ঘরোয়া হকিতে এটিই ছিল সর্বোচ্চ গোলের রেকর্ড। তবে সেই রেকর্ড ভাঙতে সময় নেয়নি নৌবাহিনী। জাতীয় দলের একঝাঁক খেলোয়াড় নিয়ে গড়া দলটি কাল করেছে ৪৩ গোল!
গাজীপুরের পর জিমি-চয়নদের সামনে এবার গোলের স্রোতে ভেসে যাওয়ার ‘দুর্ভাগা’ দলটির নাম নড়াইল। নৌবাহিনীর হয়ে ১০ জন গোল করেছেন। সর্বোচ্চ ৯ গোল দ্বীন ইসলামের। কৃষ্ণর ৭ গোল। শুধু এই ম্যাচেই নয়, গতকাল অন্য ম্যাচে খুলনার পোস্টে ২৭ গোল দিয়েছে বিমানবাহিনী (২৭-০)। মেহেরপুরের বিপক্ষে গাজীপুরের জয়ের ব্যবধান ৬-১। পটুয়াখালী ২-১ গোলে হারিয়েছে রাজশাহীকে। দিনের চার ম্যাচে ৮০ গোল! জেলার হকি কেমন চলছে, এতেই পরিষ্কার।